২৮ বছর ধরে ডাকসু নির্বাচন কেন আটকে রাখা হচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালিদ আশরাফ
ওয়ালিদ আশরাফ
>
  • গতকাল ওয়ালিদের অনশনের তৃতীয় দিন শেষ হয়েছে।
  • রোববার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওয়ালিদ অনশন শুরু করেন।
  • একই দাবিতে আগে টানা ১৫ দিন অনশন করেছিলেন ওয়ালিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে দ্বিতীয় দফায় অনশনে বসা ওয়ালিদ আশরাফ বলেছেন, ‘প্রশাসন ২০১৯ সালে ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছেন। কিন্তু ওই বছর তো ২০১৯ সালের নির্বাচন হবে। কিন্তু ২০১৮ সালের নির্বাচন কোথায়, ২৮ বছর ধরে কেন নির্বাচন আটকে রাখা হচ্ছে?’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীর বক্তব্যের জবাবে গতকাল বুধবার ওয়ালিদ আশরাফ প্রথম আলোকে এসব কথা বলেন। আগের দিন প্রক্টর বলেছিলেন, ‘আগামী বছরের মার্চের মধ্যে ডাকসু নির্বাচন করার পরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ শুরু করেছে। এটি বাস্তবায়ন করতে আমাদের সবার সহযোগিতা দরকার। আমাদের অনুরোধ, এমন কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে না যাওয়া, যার মাধ্যমে সেই পরিকল্পনা ও প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।’

উপাচার্যের বাসভবনের সামনে স্মৃতি চিরন্তনের সামনে গতকাল ওয়ালিদের অনশনের তৃতীয় দিন শেষ হয়েছে। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশ না মেনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সময়সীমা ঠিক করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। তাঁরা নির্বাচনের ধারাবাহিকতার বিষয়টি বুঝতে পারছেন না। আদালত তো অক্টোবরে ছয় মাস, জানুয়ারিতে তিন মাসের দুটি সময় নির্ধারণ করেই দিয়েছেন। দুটোর সময়সীমাই এপ্রিলে শেষ। তাই ১০ এপ্রিলের মধ্যেই নির্বাচন দিতে হবে।

গত রোববার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওয়ালিদ অনশন শুরু করেন। গত বছরের ২৫ নভেম্বর থেকে একই দাবিতে তিনি টানা ১৫ দিন অনশন করেন। এবারে যে সময়সীমা তিনি দিচ্ছেন, তার মধ্যে নির্বাচন সম্ভব কি না জানতে চাইলে ওয়ালিদ বলেন, ‘আদালতের নির্দেশ মানতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য। বিশ্ববিদ্যালয়কে বাধ্য করতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছি।’

ওয়ালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সান্ধ্য কোর্সে স্নাতকোত্তর করছেন।