২৮ বছর ধরে ৬ হাজার হেক্টর জমি অনাবাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ৬ হাজার ৬০০ হেক্টর জমিতে কৃষিকাজ করা যাচ্ছে না। সেচের আওতায় না আসায় ২৮ বছরের বেশি সময় ধরে জমিগুলো অনাবাদি পড়ে আছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৯৮৮ সালে মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ, নিষ্কাশন ও সেচখাল নির্মাণ করা হয়। ওই সময় বেড়িবাঁধের ভেতরে ১৩ হাজার ৬০০ হেক্টর কৃষিজমিতে সেচসুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
পাউবো সূত্রটি আরও জানায়, প্রকল্পটি বাস্তবায়নের পর পাউবোর ব্যবস্থাপনায় প্রতি বোরো ও ইরি মৌসুমে ৭ হাজার হেক্টর কৃষিজমি সেচের আওতায় আনা হয়। এর মধ্যে নিষ্কাশন খাল থেকে প্রায় ৪৯৩ হেক্টর ও সেচখাল থেকে (গ্রাভিটি পদ্ধতিতে) প্রায় ৫ হাজার ৬২০ হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে। কৃষকদের উদ্যোগে সেচ দেওয়া হচ্ছে আরও ৮৮৭ হেক্টর জমিতে। বাকি কৃষিজমি সেচের আওতায় আনা সম্ভব হচ্ছে না।
চাঁদপুর পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. জালাল হোসেন বলেন, প্রতি বোরো ও ইরি মৌসুমে (জানুয়ারি-এপ্রিল) প্রকল্পের ২১৮টি সেচখাল ও ১২৫টি নিষ্কাশন খালের মাধ্যমে ৭ হাজার হেক্টর জমিতে সেচ পৌঁছানো হয়। উঁচু হওয়ায় বাকি জমিগুলোয় সেচ দেওয়া সম্ভব হচ্ছে না।
গতকাল রোববার উত্তর নিশ্চিন্তপুর, সুজাতপুর, ফতেপুর, ঠেটালিয়া, দুর্গাপুর, রসুলপুর, লুধুয়া, মান্দারতলী ও রাঢ়িকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার বেশ কিছু কৃষিজমিতে ফসলের আবাদ হয়নি। এগুলো কার্যত পতিত বা ‘খিলখেত’ হিসেবে পড়ে আছে। সেখানে গবাদিপশু চরছে।
উত্তর নিশ্চিন্তপুর গ্রামের কৃষক সোলেমান শিকদার ও মো. বজলু অভিযোগ করেন, বেড়িবাঁধ হওয়ার পর থেকে তাঁদের ৮০-৯০ শতক কৃষিজমি সেচ পায়নি। পানির অভাবে তাঁরা সেখানে কিছুই চাষ করতে পারছেন না। এভাবে আর কত দিন চলবে?
প্রকল্পের সিপাইকান্দি-ফতেপুর-ঠেটালিয়া এলাকার পানি ব্যবহারকারী দলের সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন অভিযোগ করেন, ২৮ বছরেরও বেশি সময় ধরে বেড়িবাঁধের ভেতরে উঁচু জমিগুলো সেচ পাচ্ছে না। এগুলোয় ফসল চাষ করতে না পেরে কৃষকেরা হতাশ। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের দায়িত্বে থাকা চাঁদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান বলেন, ওই সেচ প্রকল্পে দুটি পাম্পহাউস রয়েছে। উঁচু-নিচু সব কৃষিজমিতে সেচ পৌঁছাতে হলে আরও একটি পাম্পহাউস দরকার। এ ব্যাপারে পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।