২৮ বছর পর এম এন লারমার দেহভস্ম নিজ বসতভিটায় সমাহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুর ২৮ বছর নয় দিন পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার দেহভস্ম গতকাল শনিবার তাঁর জন্মস্থান রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মাওরুম গ্রামে সমাহিত করা হয়েছে। একই সঙ্গে বাবা চিত্ত কিশোর লারমা ও বড় ভাই সুভেন্দু প্রভাষ লারমাকেও সমাহিত করা হয়।গতকাল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা দেহভস্ম ছিটিয়ে বাবা ও দুই বড় ভাইকে সমাহিত করেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সমাজকল্যাণ কর্মকর্তা বরুণ চাকমা এ খবরের সত্যতা নিশ্চিত করেন।এম এন লারমা নামে পরিচিত মানবেন্দ্র নারায়ণ লারমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র শাখা শান্তিবাহিনী গঠনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে কিছু দলীয় বিভেদপন্থীর হামলায় নিহত হন। এ সময় তাঁর বড় ভাই সুভেন্দু প্রভাষ লারমাসহ আরও সাতজন মারা যান। এ ছাড়া ১৯৯৯ সালের ১৯ সেপ্টেম্বর বাবা চিত্ত কিশোর লারমা বার্ধক্যজনিত রোগে মারা যান। ওই সময় সন্তু লারমা পার্বত্যচুক্তি স্বাক্ষরের অবদান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্সে ইউনেসকো শান্তি পুরস্কার গ্রহণের সময় সফরসঙ্গী ছিলেন।জনসংহতি সমিতি সূত্রে জানা গেছে, সন্তু লারমা বড় ভাই এম এন লারমা ও সুভেন্দু প্রভাষ লারমার দেহভস্ম রেখে দিয়েছিলেন, যা দলীয় নেতা-কর্মীদেরও জানা ছিল না। তাঁর ইচ্ছা ছিল, নিজ জন্মস্থানে বড় ভাইদের সমাহিত করবেন। এ ছাড়া ১৯৬২ সালে কাপ্তাই হ্রদের পানিতে উদ্বাস্তু হয়ে ৪৯ বছর পর সন্তু লারমা নিজ জন্মস্থানে পদার্পণ করলেন।বরুণ চাকমা জানান, সকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাঙামাটি থেকে নৌপথে মাওরুম গ্রামে যান। পরে সেখানে কাপ্তাই হ্রদের পানির স্তর কমে গিয়ে ভেসে ওঠা তাঁদের (সন্তু) বসতভিটায় বাবা ও দুই বড় ভাইয়ের দেহভস্ম ছিটিয়ে দেন। এরপর সন্তু লারমা সেখানে একটি বৌদ্ধবিহারে যান। সন্তুর বাবা চিত্ত কিশোর লারমা বৌদ্ধভিক্ষু হয়ে এই বিহারে দীর্ঘদিন অবস্থান করেছিলেন। সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হাজার বাতি (এক হাজার মোমবাতি) প্রজ্বালনসহ ধর্মীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করেন।ধর্মীয় অনুষ্ঠানাদি শেষে উপস্থিত স্থানীয় লোকজনের উদ্দেশে বক্তব্য দেন সন্তু লারমা। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন আমাদের জাতীয় নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা। তিনি আমাদের অধিকার আদায়ের আন্দোলন শিখিয়ে গেছেন। তাঁর আদর্শের পথ ধরে পার্বত্যচুক্তি হয়েছে। আমাদের সবার এম এন লারমার আদর্শের পথ ধরে চলতে হবে।’