২৮ বছর পর মাওয়া থেকে ঘাট গেল শিমুলিয়ায়
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া থেকে ঘাট স্থানান্তর করে দুই কিলোমিটার দূরে শিমুলিয়ায় নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শিমুলিয়া ঘাট থেকেই ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল করবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানরা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ১৯৮৬ সালে মাওয়া ঘাট স্থাপন করা হয়। এবারই প্রথম ঘাটটি স্থানান্তর করা হলো।
গত মঙ্গলবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান সামসুদ্দোহা খন্দকার মাওয়া ঘাট পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করে ঘাট স্থানান্তরের সিদ্ধান্তের কথা জানান। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মাওয়া ও শিমুলিয়া ঘাট পরিদর্শন করেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান।
স্থানীয় লোকজন ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিমুলিয়া ঘাটের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এর সংযোগ সড়কেও এখনো কার্পেটিং হয়নি। মাওয়া চৌরাস্তা থেকে চন্দ্রের বাজার পর্যন্ত সড়ক প্রশস্ত করার কাজও শুরু হয়নি। এমন অবস্থায় শিমুলিয়ায় একটি ফেরিঘাট ও লঞ্চঘাটের পন্টুন স্থাপন করা হয়েছে। তড়িঘড়ি করে অসম্পূর্ণ ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু করায় সাধারণ মানুষ ও ঘাট-সংশ্লিষ্টদের বিপাকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
মাওয়া ঘাট বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর নির্মাণকাজ এগিয়ে নেওয়ার জন্য মাওয়া ঘাট দ্রুত স্থানান্তর করা হয়েছে। আজ সকাল থেকে শিমুলিয়ার একটি ফেরিঘাট ও লঞ্চঘাট দিয়ে যান পারাপার শুরু হবে। তবে দুপুর দুইটার মধ্যে রো রো ফেরিঘাটসহ বাকি দুটি ফেরিঘাট শিমুলিয়ায় স্থাপন করা সম্ভব হলে তিনটি ঘাট দিয়েই ফেরি চলাচল করবে।
মাওয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক জানান, এ ঘাটে নদীশাসনের কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো ঘাট স্থানান্তরের চাপ দিচ্ছে। তাই চেয়ারম্যানরা পরিদর্শন করে ঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।