২৮ বছর পরও উন্নয়ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালু হওয়ার ২৮ বছর পরও দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কর্তৃপক্ষ উদাসীন থাকায় এখানে বড় রাস্তা, গুদাম, ট্রাক টার্মিনাল ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পাশাপাশি আমদানি করা পণ্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত বছর থেকে তদারকি করায় ব্যবসায়ীরা এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এতে রাজস্ব আয় কমে গেছে। এ রকম এক পরিস্থিতিতে আজ রোববার স্থলবন্দর পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এই বন্দরে আসছেন।
হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে এই বন্দরের কার্যক্রম শুরু হয়। ২০০৭ সালের ২৬ নভেম্বর এটি ২৫ বছরের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক জামিল হোসেন জানান, এই স্থলবন্দরে প্রয়োজন চার লেনের সড়ক। ২০১৩ সালে জয়পুরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার লেনের সড়ক করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে ভারত থেকে আসা ট্রাক এবং বন্দর থেকে পণ্য নেওয়ার জন্য দেশের অভ্যন্তর থেকে আসা ট্রাকের কারণে যানজট লেগে থাকে। এখানে ওজনযন্ত্র রয়েছে মাত্র একটি; যার ফলে দ্রুত পণ্য খালাস করা সম্ভব হয় না। বন্দরে গুদাম (ওয়্যার হাউস) রয়েছে মাত্র তিনটি।
আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন উর রশীদ জানান, এই বন্দরের বড় সমস্যা জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। বর্ষাকালে সব গুদামঘরে পানি ঢুকে পণ্য নষ্ট হয়ে যায়।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান জানান, বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে জোর না দিয়ে হিলি স্থলবন্দরকে ধ্বংস করতে প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও আমদানিকারকদের পণ্য আটক করে সাজানো মামলা দিয়ে হয়রানি করছে। এতে করে পণ্য আমদানি ও রপ্তানিকাজে সময়ক্ষেপণ এবং স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। এ কারণে আমদানিকারকেরা এই বন্দর দিয়ে পণ্য আমদানি করা বন্ধ করে দিয়েছেন।
স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. সাবেদ আলী জানান, ২০১৩ সালে যেখানে রাজস্ব আয় হয়েছিল ২২০ কোটি ৫১ লাখ ৩৫ হাজার টাকা, সেখানে ২০১৪ সালে হয়েছে মাত্র ৮০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার টাকা।
দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক বলেন, তিনি বন্দরের উন্নয়নে একাধিকবার প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছেন। কিন্তু গত বছরের শুরুতেই বিজিবির অযৌক্তিক সিদ্ধান্তে ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। এর পর থেকে বন্দরে স্থবিরতা নেমে আসে।
বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার জানান, দেশের নিরাপত্তার স্বার্থে বিজিবি আমদানি করা পণ্য তারিখ অনুযায়ী তালিকাভুক্ত করছে। সীমান্ত এলাকায় দায়িত্ব পালন হিসেবে বিজিবি এটি করতেই পারে। পর্যায়ক্রমে হিলি স্থলবন্দরের মতো বিজিবি অন্য স্থলবন্দরেও এ ব্যবস্থা চালু করবে। ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ সঠিক নয়।