২৮ বছরেও চাকরি স্থায়ী হয়নি তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার হিল আনসারের হাবিলদার সুরুজ মিয়া। ১৯৮৬ সালের ২২ অক্টোবর সদস্য হিসেবে হিল আনসারে যোগ দেন তিনি। দৈনিক ভাতায় ২৮ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন সুরুজ মিয়া। তাঁর মতো ৬০০ হিল আনসার সদস্য দৈনিক ভাতায় চাকরি করছেন।
হিল আনসার সদস্যদের চাকরি স্থায়ী করার জন্য বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে চিঠি চালাচালি হয়েছে। কিন্তু এখনো হিল আনসার সদস্যদের চাকরি স্থায়ী হয়নি।
নথিপত্রে দেখা যায়, হিল আনসার সদস্যদের ব্যাটালিয়ন আনসারে অন্তর্ভুক্ত করার জন্য ২০০৮ সালের ১৭ জানুয়ারি খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামের জেলা অ্যাডজুট্যান্টের স্বাক্ষর করা চিঠি মহাপরিচালকের দপ্তরে পাঠানো হয়। ২০০৯ সালের ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব কাজী নূরুল হোসেনের স্বাক্ষর করা চিঠিতে মহাপরিচালকের মতামত চাওয়া হয়। ২০১১ সালের ১০ মে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মসাহিদুজজামান ৬০০ হিল আনসার সদস্যের চাকরি স্থায়ী করার সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের বরাবর চিঠি দেন। এর পরও বিভিন্ন সময় চিঠি চালাচালি হয়। কিন্তু এখনো চাকরি স্থায়ী করার কোনো সিদ্ধান্ত হয়নি।
রসিকনগর মসজিদ টিলার হিল আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আবদুর রহিম বলেন, ‘সিপাহি থেকে আমরা মাত্র ৫০০ টাকা বেতন বেশি পাই। ৩১ দিনের মাস হলে বেতন পাই মাত্র ৯ হাজার ৭০০ টাকা। টাকার অভাবে এক ছেলে এক মেয়েকে পড়ালেখা করাতে পারিনি।’
বেতছড়ি ক্যাম্পের পিসি মিজানুর রহমান বলেন, ‘আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। যে টাকা বেতন পাই, সে টাকায় সংসার চালাতে কষ্ট হয়।’
হাবিলদার দুলাল মিয়া বলেন, ‘আমরা দৈনিক ভাতা পাই মাত্র ২৯৮ টাকা। চাকরি থেকে অবসর গেলে কিংবা অসুস্থতাজনিত কারণে চাকরি ছেড়ে দিলে কোনো টাকাপয়সা পাব না।’
হাবিলদার সুরুজ মিয়া বলেন, ‘১৯৮৬ সালের ২২ অক্টোবর হিল আনসারে চাকরি নিয়েছি। এরই মধ্যে ২৮ বছর পার হয়ে গেছে। কিন্তু এখনো চাকরি স্থায়ী হয়নি। দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যু হলেও পরিবার-পরিজন কোনো টাকাপয়সা পাবে না। স্ত্রী-সন্তানদের পথে বসতে হবে।’
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ির উপপরিচালক মো. আবদুল মজিদ এ প্রসঙ্গে বলেন, ‘হিল আনসার সদস্যরা দৈনিক ভাতার ভিত্তিতে দায়িত্ব পালন করেন। তাঁরা নিরলসভাবে দায়িত্ব পালন করেন।’ তিনি বলেন, চাকরি স্থায়ী করার বিষয়টি মন্ত্রণালয়ের ব্যাপার।