২৮ বছরেও শহীদদের নামে সড়কের নামকরণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মুক্তিযুদ্ধে শহীদ ২৩ জনের নামে সড়ক ও বাজারের নামকরণের সিদ্ধান্ত ২৮ বছরেও বাস্তবায়িত হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই সিদ্ধান্তের বাস্তবায়ন না হওয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।
শহীদ আবদুল রাজ্জাক বিশ্বাসের স্ত্রী নূরজাহান বেগম বলেন, ‘আমার স্বামী মঠবাড়িয়ায় প্রথম সম্মুখযুদ্ধে শহীদ হন। অথচ তাঁর নামে আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান বা সড়কের নামকরণ করা হয়নি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে শহীদ রাজ্জাক বিশ্বাসকে পরিচিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।’
শহীদ জিয়া-উজ-জামানের ভাই খালেক-উজ-জামান বলেন, পৌরসভা ও উপজেলা প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে না।
মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালের ২৪ নভেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের এক সভায় মুক্তিযুদ্ধের সময় শহীদ ২৩ জনের নামে উপজেলার ২২টি সড়ক ও একটি বাজারের নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূর্যমণি বধ্যভূমি সুরক্ষা কমিটির সভাপতি পরিমল চন্দ্র হালদার বলেন, শহীদদের নামে সড়ক ও বাজারের নামকরণের সিদ্ধান্ত মুক্তিযোদ্ধা সংসদ থেকে নেওয়া হলেও স্থানীয় প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগ না থাকায় তা বাস্তবায়ন করা যায়নি।
মঠবাড়িয়ার দক্ষিণ বন্দরকে শহীদ জিয়া বাজার বলে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর ২২ জন শহীদের নামে বিভিন্ন সড়কের নামকরণ করা হবে। সেগুলো হলো—মঠবাড়িয়া পোস্ট অফিস থেকে সদর রোডের সেতু পর্যন্ত শহীদ আবু সড়ক, কাপুড়িয়াপট্টি সড়কের নাম হবে শহীদ রাজ্জাক বিশ্বাস সড়ক, ওষুধপট্টি সড়ক শহীদ গণপতি সড়ক, পোস্ট অফিস থেকে মঠবাড়িয়া সরকারি কলেজ পর্যন্ত শহীদ আনোয়ারুল কাদির সড়ক, মঠবাড়িয়া হাসপাতাল সড়ক শহীদ মোশারেফ হোসেন সড়ক, মঠবাড়িয়া হাসপাতাল থেকে বড় মাছুয়া পর্যন্ত শহীদ আসমত আলী সড়ক, মঠবাড়িয়া বাজার থেকে বহেরাতলা পর্যন্ত শহীদ মাখন দাস সড়ক, বহেরাতলা থেকে তুষখালী সড়ক পর্যন্ত শহীদ মোতালেব সড়ক, বহেরাতলা থেকে সাফা বন্দর পর্যন্ত শহীদ আবদুল মালেক সড়ক, সাফা বাজার থেকে ঝাউতলা পর্যন্ত শহীদ সালেহ সড়ক, মঠবাড়িয়া থেকে গুলিসাখালী শহীদ হাই সড়ক, গুলিসাখালী থেকে টিয়ারখালী পর্যন্ত শহীদ সিদ্দিক সড়ক, গুলিসাখালী থেকে হলতা পর্যন্ত শহীদ আহম্মেদ সড়ক, গুলিসাখালী হতে বান্ধবপাড়া পর্যন্ত শহীদ মানিক সড়ক, শিংগা থেকে কুমিরমারা পর্যন্ত শহীদ বজলুর রহমান সড়ক, সাপলেজা থেকে নলী পর্যন্ত শহীদ মোজাম্মেল হক সড়ক, রাজারহাট সড়ক শহীদ বাচ্চু সড়ক, মঠবাড়িয়া থেকে বেতমোড় পর্যন্ত শহীদ আবুল হোসেন সড়ক, সাপলেজা থেকে সোনাখালী পর্যন্ত শহীদ সালাম সড়ক, সাপলেজা থেকে গোলবুনিয়া পর্যন্ত শহীদ হাতেম আলী সড়ক, মিরুখালী বাজারের সড়ক হবে শহীদ বীরেন সড়ক এবং মিরুখালী বাজার থেকে হারজী পর্যন্ত সড়কের নাম হবে শহীদ আবদুল হাকিম সড়ক।
নামকরণের বিষয়ে মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফি উদ্দিন আহমেদ বলেন, পৌরসভার উদ্যোগে শহরের সড়কগুলোয় শহীদদের নামে নামফলক স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো. শাহাদাৎ হোসেন বলেন, উপজেলা প্রশাসনের অসহযোগিতার কারণেই মুক্তিযোদ্ধা সংসদের ওই সিদ্ধান্ত দীর্ঘ ২৮ বছরেও বাস্তবায়ন করা যায়নি। সম্প্রতি মুক্তিযোদ্ধাদের নামে সড়ক-বাজারের নামকরণের ব্যাপারে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থেকে চিঠি দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের মাসিক সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে এ বিষয়টি তোলা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব বলেন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে প্রস্তাব করা হলে এর লিখিত কার্যবিবরণী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।