২০১১-১২ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন জাকারিয়া খন্দকার। এ বছর তাঁর স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু এখনো স্নাতক (অনার্স) শেষ করতে পারেননি। পড়ছেন চতুর্থ বর্ষে। অথচ তাঁর সঙ্গে ভর্তি হওয়া অন্য কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের কেউ অনার্স শেষে মাস্টার্সে পড়ছেন, কেউবা মাস্টার্স পরীক্ষা দিয়ে ফলের অপেক্ষায় রয়েছেন।
জাকারিয়ার সঙ্গে একই শিক্ষাবর্ষে মাইক্রোবায়োলজি বিভাগে ভর্তি হন করবী রায়। গত ডিসেম্বরে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। একই শিক্ষাবর্ষে দর্শন বিভাগে ভর্তি হন জাকারিয়ার আরেক বন্ধু প্রীতম ভট্টাচার্য। তাঁর মাস্টার্স পরীক্ষা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হবে। তিনি প্রথম আলোকে বলেন, ‘সময়মতো ক্লাস ও পরীক্ষা নেওয়ার কারণে আমাদের বিভাগে সেশনজট নেই। শিক্ষকদের আন্তরিকতার কারণে ৪ বছরের অনার্স ৪ বছরে এবং ১ বছরের স্নাতকোত্তর ১ বছরেই শেষ করতে পারছি।’
সেশনজটের কবলে পড়ে ইংরেজি বিভাগের জাকারিয়ার মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ২২টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউটের ৬টি বিভাগের শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘ হচ্ছে। সর্বনিম্ন ৬ মাস থেকে ২ বছরের সেশনজট রয়েছে। ৪ বছরের স্নাতক শেষ করতে ৫ থেকে ৬ বছর লাগছে। এসব বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর মিলে ৫টি ব্যাচ থাকার কথা। বর্তমানে একেকটি বিভাগে ৬ থেকে ৮টি ব্যাচ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ৪৩টি বিভাগ ও ৭টি ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৪ হাজার। গত ২ বছরে রাজনৈতিক অস্থিরতা বা ছাত্রসংগঠনের বিরোধ ও অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয় এক দিনের জন্যও বন্ধ ছিল না। গত ২৪ মাসে ছাত্রসংগঠনগুলোর বিভিন্ন আন্দোলনের কারণে সর্বোচ্চ ১০ দিন শ্রেণিকার্যক্রম আংশিক বন্ধ ছিল।
প্রায় দুই বছরের সেশনজট রয়েছে ইংরেজি, বাংলা, নাট্যকলা, পালি, সংস্কৃত, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফাইন্যান্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স ও চারুকলা ইনস্টিটিউটে। এ ছাড়া এক থেকে দেড় বছরের সেশনজট রয়েছে পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, ফলিত ও পরিবেশ রসায়ন, অর্থনীতি, নৃবিজ্ঞান, প্রাণিবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মেরিন সায়েন্সেস, সমুদ্রবিদ্যা ও ফিশারিজ বিভাগে।
নির্ধারিত সময়ে শিক্ষাজীবন শেষ না হওয়ায় হতাশায় ভুগছেন অনেক শিক্ষার্থী। পরিবারকে সহায়তা করতে না পারার কষ্টও আছে তাঁদের মধ্যে। সেশনজটের জন্য শিক্ষকদের গাফিলতি ও অবহেলাই বড় করে দেখছেন তাঁরা। নিয়মিত ক্লাস-পরীক্ষা না হওয়া, পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতাকে সেশনজটের প্রধান কারণ হিসেবে বিবেচনা করছেন। এর সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতা, ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধে কখনো কখনো শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সেশনজট প্রকট হচ্ছে।
অবশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর দাবি, সেশনজট আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। এ বছর তা শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশাবাদী তিনি।
বিভিন্ন সময় দাবি জানানোর পরও সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ও ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান।
কলা অনুষদের ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক, আইন অনুষদের আইন বিভাগ, জীববিজ্ঞান অনুষদের প্রাণরসায়ন ও অনুপ্রাণ, মাইক্রোবায়োলজি বিভাগে কোনো সেশনজট নেই। ইতিহাস বিভাগের সভাপতি মাহবুবুল হক বলেন, ‘বছরের শুরুতে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করা হয়। বিভাগের সব শিক্ষক নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এ ক্যালেন্ডার যথাযথভাবে বাস্তবায়ন করেন। এ টিমওয়ার্কের কারণে সেশনজট নেই। সেশনজট নিরসনে অন্য বিভাগগুলো এটি অনুসরণ করতে পারে।’
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ইংরেজি ও নাট্যকলা বিভাগে এখন ৫টির বদলে ৮টি করে ব্যাচ রয়েছে। বাংলা, সংস্কৃত, পালি বিভাগ ও চারুকলা ইনস্টিটিউটে ব্যাচ আছে ৭টি করে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগে ৮টি, পদার্থবিদ্যা, গণিত ও রসায়ন বিভাগে ৭টি করে ব্যাচ রয়েছে। এ ছাড়া ২০১১-১২ শিক্ষাবর্ষে চালু হওয়া ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগে রয়েছে ৬টি ব্যাচ। ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের নতুন বিভাগ সমুদ্রবিদ্যায় (২০১১-১২ শিক্ষাবর্ষে চালু) ৬টি, ২০১২-১৩ শিক্ষাবর্ষে চালু হওয়া ফিশারিজে ৫টি এবং মেরিন সায়েন্সেস বিভাগে ৭টি ব্যাচ রয়েছে। ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ২টি বিভাগে (ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স) ৭টি ব্যাচ আছে।
ব্যবসায় প্রশাসন অনুষদের ৬টি বিভাগের সব কটিতে সেশনজট রয়েছে। এর মধ্যে অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স ও ম্যানেজমেন্টে ৭টি করে ব্যাচ আছে। এ ছাড়া ২০১৩-১৪ শিক্ষাবর্ষে চালু হওয়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে ৪টি ব্যাচ রয়েছে।
সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি ও নৃবিজ্ঞান বিভাগে ৬টি করে ব্যাচ আছে। জীববিজ্ঞান অনুষদের প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে ৭টি করে ব্যাচ রয়েছে। প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৯টি এবং ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৭টি ব্যাচ আছে।
ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করতে না পারায় তাঁদের ওপর পরিবার থেকে চাপ বাড়ছে। অনেকের দিকে তাকিয়ে আছেন পরিবারের সদস্যরা, যাঁরা পাস করে পরিবারের হাল ধরবেন। ৪ বছরের কোর্স শেষ করতে যখন ৬-৭ বছর লাগে, তখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মানসিকতাও নষ্ট হয়ে যায় বলে অনেকে মন্তব্য করেন।
সেশনজট নিয়ে আক্ষেপ করে ইংরেজি বিভাগের সভাপতি কামালউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আসলে এটি আমার একার বিষয় না। পুরোটাই টিমওয়ার্ক। সেশনজট কমানোর জন্য দুটি ব্যাচের একসঙ্গে পরীক্ষা নেওয়ার এবং একাডেমিক ক্যালেন্ডার তৈরির পরিকল্পনা করছি। তবে বিভাগের সবাই যদি সহযোগিতা করে তাহলে সেশনজট নিরসন করা সম্ভব।’
ফল প্রকাশে দীর্ঘসূত্রতা এবং শিক্ষকদের দ্বন্দ্বে বাড়ছে সেশনজট
পালি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছিল গত বছরের জুন মাসে। ৬ মাস পরও ফল প্রকাশ করা হয়নি। মেরিন সায়েন্সেস বিভাগের ২০১১-১২ সেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা হয়েছিল ২০১৫ সালের নভেম্বরে। প্রায় ১১ মাস পর গত বছরের নভেম্বরে ফল ঘোষণা করা হয়।
অন্যদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০০৯-১০ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয় ২০১৫ সালের অক্টোবরের শেষের দিকে। মার্চে পরীক্ষা সম্পন্ন হলেও ফল প্রকাশ হয়েছে গত বছরের ডিসেম্বরে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগসহ কয়েকটি বিভাগে শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বলি হচ্ছেন শিক্ষার্থীরা। এ কারণে সেশনজট বাড়ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী।
নাম না প্রকাশের শর্তে বিভাগের ২ শিক্ষক বিরোধের বিষয়টি স্বীকার করেন। তাঁরা বলেন, দ্বন্দ্বের কারণে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশে জটিলতা সৃষ্টি হয়।
এ বিষয়ে কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের সভাপতি মোহাম্মদ অছিয়র রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগে কিছু সেশনজট ছিল। এখন তা কমিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছি।’
বিভিন্ন বিভাগে শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা সরাসরি স্বীকার করতে চাননি উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, অভ্যন্তরীণ সমস্যার কারণে কিছু কিছু বিভাগে সেশনজট হয়েছে। আর যেসব বিভাগে শিক্ষক-সংকট রয়েছে, সেখানে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। অবকাঠামোগত সমস্যা দূর করার জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সেশনজটের কারণে শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হন এবং এটা তাঁদের জন্য যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক মইনুল ইসলাম। সেশনজটের জন্য শিক্ষকদের গাফিলতি ও খামখেয়ালিকে দায়ী করে তিনি প্রথম আলোকে বলেন, ‘এখানে শিক্ষকদের দায় কোনোভাবেই এড়ানো যাবে না। কেননা, আগের মতো এখন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে না। দায়িত্ব পালনে শিক্ষকদের গাফিলতি না থাকলে সেশনজট অনেকটাই কমে যাবে। এ ব্যাপারে তাঁদের ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটু চাপ দেওয়া উচিত।’
প্রত্যেকটি বিভাগে একাডেমিক ক্যালেন্ডার চালু করে তা সঠিকভাবে অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন অধ্যাপক মইনুল ইসলাম। সেশনজটের কারণে ‘রাগ’ করে নিজের ছেলেকে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি করাননি বলেও জানান তিনি।