২৮ যানবাহন ও ১২ দোকানের জরিমানা, মামলা দায়ের
সিরাজগঞ্জ সদরে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও এক হাজার টাকা করে জরিমানা করেছেন। এ ছাড়া উল্লাপাড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফরমালিন মেশানো খাদ্যদ্রব্য রাখার দায়ে ১২ জন দোকানমালিকের নামে মামলা ও মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন আহম্মেদের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতুসংলগ্ন গোলচত্বরে বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ২৬টি বাস ও দুটি নছিমনের বিরুদ্ধে মামলা ও মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ শামীম আলম। পৌর শহরের বিভিন্ন বাজার ও দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ময়দা, ফরমালিন মিশ্রিত ফল ও মাছ জব্দ ও পরে সেগুলো ধ্বংস করা হয়। ১২ জন দোকানমালিকের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া ৬০ হাজার টাকা জিরমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।