২৮ লাখ টাকা জরিমানা
দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে দুটি শিল্পপ্রতিষ্ঠানকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরে গতকাল রোববার কারখানা দুটির মালিক ও প্রতিনিধিদের উপস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর কারখানা দুটিকে এই জরিমানা করেন। অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে অবস্থিত পলি ফেব্রিক্স লিমিটেড নামের কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ব্যতীত ও ইটিপি বন্ধ রেখে কারখানায় উৎপাদন করে পরিবেশের ক্ষতি করে আসছিল। এই কারখানাকে ২৬ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়।পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে সয়াবিন তেল বোতলজাত, ডাল ভাঙানো ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে কারখানার অবৈধ সম্প্রসারণের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দিঘীবরাবো এলাকায় নিপুণ সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা দুটির মালিক ও তাঁদের প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।