
বগুড়ার নন্দীগ্রাম পৌরশহরের নন্দীগ্রাম-ঢাকইর সড়কের ৭০০ মিটার অংশ প্রায় সাড়ে ২৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে। কিন্তু সংস্কারের আট মাসের মাথায় আবার সড়কটির ইট ও কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
পৌর এলাকার ঢাকইর গ্রামের আলতাফ আলী বলেন, বর্ষা মৌসুম শুরুর পর থেকেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দে প্রায়ই যানবাহন আটকে যাচ্ছে। হাইস্কুল মোড় থেকে বেলঘরিয়া পর্যন্ত অংশ যানচলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
রিকশাচালক সোহেল রানা জানান, গর্তের কারণে এই সড়কে ঠিকমতো রিকশা চালানো যায় না। ভাঙাচোরা অংশে কোনো রকমে ঠেলে ঠেলে রিকশা পার করতে হয়।
নন্দীগ্রাম পৌরসভার প্রকৌশল শাখা সূত্র জানায়, ওই সড়কের ৭০০ মিটার অংশ সংস্কারের জন্য ২০১১-১২ অর্থবছরে নগর উন্নয়ন তহবিল থেকে সাড়ে ২৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই বছরই দরপত্র আহ্বান করা হলে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মোল্লা কনস্ট্রাকশন কাজ পায়। প্রতিষ্ঠানটি প্রায় তিন বছর কাজ করে গত বছরের ডিসেম্বরে সংস্কারকাজ শেষ করে।
এলাকাবাসী সূত্র জানায়, সংস্কারের নামে সড়কটির কার্পেটিং তুলে খোয়া বিছানোর পরই ঠিকাদারের লোকজন উধাও হয়ে যান। ওই খোয়া বিছানো সড়কে চলাচল করতে গিয়ে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। প্রায় তিন বছর ঝুলে থাকার পর গত ডিসেম্বরে তড়িঘড়ি করে সড়কটির কার্পেটিং করা হয়।
পৌরসভার প্রকৌশল শাখায় খোঁজ নিয়ে জানা যায়, কাজ শেষ করার পরপরই ঠিকাদার মোস্তাফিজুর রহমান কাজের বিল তুলে নিয়েছেন।
ঢাকইর এলাকার পৌর কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন জানান, আট মাস না যেতেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, সড়কে বৃষ্টির পানি জমে থাকায় কয়েকটি অংশে গর্তের সৃষ্টি হয়েছে। পানিনিষ্কাশনের ব্যবস্থা থাকলে এমনটা হতো না।
এ ব্যাপারে নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার বলেন, কাজ নিম্নমানের হয়নি, সঠিকভাবেই তা বুঝে নেওয়া হয়েছে। কিন্তু ওই সড়কে প্রতিনিয়ত ধারণ ক্ষমতার অতিরিক্ত ধান-চালবাহী ট্রাক চলাচল করায় সড়কটি টিকছে না। বর্ষায় সড়কটির কিছু অংশে কার্পেটিং ওঠে গর্তের সৃষ্টি হওয়ায় পৌরসভা থেকে ইট-খোয়া ফেলা হয়েছে। তিনি বলেন, শর্ত অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে খারাপ অংশ ঠিক করে নেওয়া হবে।