নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি ২০১২-১৩ শিক্ষাবর্ষে অবৈধভাবে ভর্তি হওয়া ২৮ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সহকারী রেজিস্ট্রার আবদুর রহিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে নাম-স্বাক্ষরবিহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার ও বরখাস্তের তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্র্রতি ভর্তিসংক্রান্ত বিষয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনাপূর্বক গঠিত তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক বিভিন্ন বিভাগের ২৮ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল ও দুজনের মাইগ্রেশন বাতিল করা হয়েছে।
জানতে চাইলে ভর্তি বাতিলের কথা নিশ্চিত করেন রেজিস্ট্রার মো. মমিনুল হক। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই ওই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া যে কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে, তাঁকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর চিঠি দিয়ে সাত দিনের মধ্যে বক্তব্য জানাতে বলা হয়েছে।
জানা গেছে, ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের ১৩ জনই হলেন কোস্টাল এগ্রিকালচার বিভাগের। ওই বিভাগের চেয়ারম্যান উপাচার্য নিজেই। এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, পরীক্ষা চলাকালে ছয়টি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন উপাচার্য নিজেই। ভর্তি পরীক্ষা ও ভর্তি কমিটির আহ্বায়কও তিনি। তা ছাড়া পরীক্ষার ফলাফল বিবরণীতে প্রত্যেক সদস্যের সই থাকার কথা থাকলেও গত তিনটি পরীক্ষায় উপাচার্য কারও স্বাক্ষর না নিয়ে তাঁর একক স্বাক্ষরে ফলাফল ঘোষণা করেন। একক স্বাক্ষরে যখন-তখন অনিয়মের সুযোগ থাকে বলে মন্তব্য করেন ওই শিক্ষকেরা।
তদন্ত কমিটির প্রধান বিজ্ঞান অনুষদের ডিন আবুল হোসেন গত মঙ্গলবার রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন দেওয়ার কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।