২৮ হাজার শিক্ষার্থীর চাহিদা মেটাতে ১৯টি নলকূপ!
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৩১টি বিদ্যালয়ে খাওয়ার পানির তীব্র সংকট চলছে। এসব বিদ্যালয়ের প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর চাহিদা মেটানোর জন্য রয়েছে মাত্র ১৯টি নলকূপ। এ অবস্থায় বিদ্যালয়ের বাইরে থেকে পানি সংগ্রহ করে, নয়তো শিক্ষার্থীরা বাড়ি থেকে পানি এনে প্রয়োজন মেটাচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, সীতাকুণ্ডে ৩১টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৯টি উচ্চবিদ্যালয় ও দুটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় নলকূপের সংখ্যা কম।
সূত্র জানায়, ৩১টি বিদ্যালয়ের ২৮ হাজার ২৭৫ জন শিক্ষার্থীর জন্য নলকূপ বসানো হয়েছে মাত্র ৪৫টি। এগুলোর মধ্যে রয়েছে ৪২টি টিউবওয়েল, একটি রিং ওয়েল, দুটি মোটরচালিত নলকূপ। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ১৪টি, আর্সেনিকের কারণে চারটি, অতিমাত্রায় আয়রণের কারণে সাতটি এবং মাটির গন্ধের কারণে একটিসহ মোট ২৬টি নলকূপ ব্যবহার করা যাচ্ছে না। তাই ৪৫টি নলকূপের মধ্যে চালু রয়েছে মাত্র ১৯টি।
বিদ্যালয়ে খাওয়ার পানির সংকটের কথা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হাসান বলেন, ‘প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে একটি গভীর নলকূপ থাকা প্রয়োজন।’
ওই সব বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি দেখা যায়। সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের আঙিনায় চারটি নলকূপ রয়েছে। এর মধ্যে দুটি অতিমাত্রায় আয়রন এবং দুটি যান্ত্রিক ত্রুটির কারণে অচল। ছাত্রীরা বাড়ি থেকে বোতলে করে পানি এনে তৃষ্ণা মেটাচ্ছে। অষ্টম শ্রেণীর সনি দাস বলল, ‘আমাদের স্কুলের পানি খাওয়া যায় না। বাড়ি থেকে বোতলে করে পানি নিয়ে আসি।’
সোনাইছড়ি সবুজ শিক্ষায়তনের (উচ্চবিদ্যালয়) প্রধান শিক্ষক তপন কুমার মজুমদার বলেন, ‘আমাদের এখানে এক হাজার ৯০০ শিক্ষার্থীর জন্য মাত্র একটি নলকূপ রয়েছে। তা-ও নষ্ট হয়ে পড়ে আছে। তাই বাইরে থেকে পানি এনে আমরা চাহিদা মেটাচ্ছি।’
বাড়বকুণ্ড মাহমুদাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিব উল্লাহ বলেন, ‘বিদ্যালয়ের দুটি নলকূপের মধ্যে একটি সচল। কিন্তু আর্সেনিকযুক্ত হওয়ায় এর পানিও পানের অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সব দপ্তরে আবেদন করেও একটি গভীর নলকূপ পাচ্ছি না।’
উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এস এম শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘সীতাকুণ্ডে পানির স্তরের সমস্যা রয়েছে। তাই এ উপজেলার সৈয়দপুর ও মুরাদপুর ইউনিয়ন ছাড়া বাকি আটটি ইউনিয়নে আপাতত গভীর নলকূপ স্থাপন সম্ভব নয়।’