২৮ হাজার শিক্ষার্থীর জন্য একটি বাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৮ হাজার। তাঁদের যাতায়াতের জন্য রয়েছে মাত্র একটি বাস। প্রতিদিন তাই বিপুলসংখ্যক শিক্ষার্থীকে শহরের বিভিন্ন এলাকা থেকে কলেজে যেতে-আসতে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ।কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শত বছরের পুরোনো এ শিক্ষাপ্রতিষ্ঠানে ময়মনসিংহের বাইরে থেকে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী ভর্তি হন। শিক্ষার্থীর তুলনায় কলেজের আবাসনব্যবস্থা অপ্রতুল। তাই অনেক শিক্ষার্থী কলেজের আশপাশের এলাকায় মেস বা বাসা ভাড়া করে থাকেন। অন্যরা থাকেন শহরের বিভিন্ন অংশে।কলেজের রসায়ন বিভাগের স্নাতকোত্তর শেষ পর্বের ছাত্র জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, কলেজকে ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া একটি বাস উপহার দেন। বাসটি এত দিনে অনেক পুরোনো হয়ে গেছে। প্রায়ই বিকল হয়ে পড়ে। প্রাণিবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা আক্তার বলেন, ‘একই বাসে ছেলেদের সঙ্গে গাদাগাদি করে যেতে হয় বলে এখন আর বাসের খোঁজখবর রাখি না। এদিকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানের ভাড়া বেড়েছে। কলেজে যেতে-আসতে অনেক টাকা খরচ করতে হয়।’নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক জানান, কলেজের যদি তিন-চারটি বাসও থাকত, আর যদি নিয়মিত চলত, তাহলে অনেক স্বস্তি পাওয়া যেত। তিনি আরও জানান, শিক্ষার্থীদের অনেকেই কলেজের আশপাশের এলাকায় বাড়ি ভাড়া নেয়। আর মালিকেরা এই সুযোগে ওদের কাছ থেকে শহরের অন্য এলাকার তুলনায় বেশি ভাড়া আদায় করেন। শিক্ষার্থীদের কাছে বাড়ি ভাড়া দিলে বেশি টাকা আসে, তাই মালিকেরা অন্যদের বাড়ি ভাড়া দিতে চান না। এ জন্য কলেজের আশপাশে এখন শিক্ষকসহ অন্যান্য পেশাজীবী মানুষকে বাড়ি ভাড়া পেতে বিড়ম্বনায় পড়তে হয়। পরিবহন-সংকটের বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রায় চার মাস আগে আমি বিষয়টি স্থানীয় সাংসদ মতিউর রহমানকে জানিয়েছিলাম। সাংসদ বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী নতুন দুটি বাস উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’