এ বছর সারা দেশে ২৮ হাজার ৪৫৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই পূজা হবে ২১৮টি। এই সংখ্যা গত বছরের চেয়ে বেশি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানায়।
এদিকে গতকাল দেবী দুর্গার আবাহন—শুভ মহালয়া উদ্যাপিত হয় রাজধানীসহ সারা দেশে। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপে সকাল ১০টার দিকে মহালয়ার ঘট বসানো হয়।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে আয়োজিত সভায় পরিষদ নেতারা বলেন, গত বছর দুর্গোৎসবের আগে সারা দেশে সাম্প্রদায়িক হামলা হয়েছিল। এবার সেই ভয়াবহ পরিস্থিতি না থাকলেও গত কয়েক দিনে রংপুর, ভোলা, শেরপুর, নড়াইল, সিরাজগঞ্জ, মাগুরা, বাগেরহাট, খুলনা, মৌলভীবাজার প্রভৃতি জেলায় প্রতিমা ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। পূজার সংখ্যা বাড়াটা ইতিবাচক দিক হলেও এসব ঘটনা ঘটানোর পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। সভায় বলা হয়, চলতি অর্থবছরে জাতীয় বাজেটে হিন্দু সম্প্রদায়ের জন্য ১৬৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাঁরা এটাকে খুবই কম ও বৈষম্যমূলক মনে করেন। সভা থেকে অষ্টমীর দিন স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানানো হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস কুমার পাল। উপস্থিত ছিলেন পরিষদের নেতা নিম চন্দ্র ভৌমিক, স্বপন কুমার সাহা, রানাদাশ গুপ্ত, সুব্রত চৌধুরী, নির্মল চ্যাটার্জি, নারায়ণ সাহা, সাংসদ সাধন মজুমদার, ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত প্রদীপ চক্রবর্তী প্রমুখ।