২৮টি সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাই থেকে আইপিএস নিয়ে এসেছিলেন যাত্রী নাজিমউদ্দিন। গত সোমবার বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। কিন্তু তখন লাগেজ ও আইপিএস না আসায় গতকাল বৃহস্পতিবার সকালে এগুলো ছাড়িয়ে নিতে বিমানবন্দরে আসেন তিনি।
গতকাল এসব পণ্য ছাড়িয়ে নেওয়ার সময় সন্দেহ তৈরি হয় শুল্ক কর্মকর্তাদের। স্ক্যানিং করেও স্বর্ণের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি। যাত্রীকে সন্দেহের কথা জানান শুল্ক কর্মকর্তারা। তবে নাজিমউদ্দিন দৃঢ়কণ্ঠে জানান, এসব কাজ তিনি করেন না।
শেষ পর্যন্ত আইপিএস ভাঙার সিদ্ধান্ত নিলেন শুল্ক কর্মকর্তারা। ঠিকই আইপিএসের কয়েল রাখার জায়গায় পাওয়া যায় ২৮টি সোনার বার। তাৎক্ষণিকভাবে আটক করা হয় যাত্রীকে। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজানে।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টমসের সহকারী কমিশনার মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া সোনার বারের ওজন তিন কেজি ২৬৫ গ্রাম। মূল্য আনুমানিক এক কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনায় পতেঙ্গা থানায় ওই যাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শুল্ক কর্মকর্তারা জানান, নাজিমউদ্দিনের আনা আইপিএস ভেঙে কোনো অবৈধ পণ্য পাওয়া না গেলে সে ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হতো শুল্ক কর্মকর্তাদের। অবশ্য ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিধান না থাকলেও সাধারণত শুল্ক কর্মকর্তারা যাত্রীদের ক্ষতিপূরণ দিয়ে থাকেন।