২৮০ আসামি নিজেকে নির্দোষ দাবি করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠগড়ায় বেঞ্চে বসা এক আসামির কাছে বিচারক প্রশ্ন করলেন, ‘আসামি হিটলার হোসেন, আপনি নিজেকে কী মনে করেন? দোষী, না নির্দোষ?’ ডান হাত তুলে উচ্চস্বরে হিটলার বললেন, ‘মাননীয় আদালত, আমি সম্পূর্ণ নির্দোষ।’ একই প্রশ্ন করা হলো রাসেল সওদাগর, গোলাম হোসেনসহ আরও ২৭৯ জনকে। তাঁরাও নিজেকে নির্দোষ দাবি করলেন। আদালতের সভাপতি একপর্যায়ে এক আসামিকে প্রশ্ন করার সময় বললেন, ‘সবাই নির্দোষ বলছেন, তা হলে দোষী কে?’বিডিআর বিদ্রোহ মামলায় গতকাল বুধবার ১৩ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের ৬২২ আসামির সবাইকে অভিযোগ পড়ে শোনানো শেষে আদালত এই প্রশ্ন করেন। নিয়ম অনুযায়ী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আগে এ প্রশ্ন করা হয়। আসামিদের মতামত জানার পর অভিযোগ গঠন করা হবে। বিকেল পৌনে তিনটা পর্যন্ত ২৮০ জনকে ওই প্রশ্ন করা হয়।পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৮-এ এই মামলার বিচারকাজ চলছে। বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হকের সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। তাঁর সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সেরাজুল হক, মেজর জাহিদুর রহমান খান ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ভীষ্মদেব চক্রবর্তী। এ মামলার প্রসিকিউটর হলেন লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান। বিশেষ প্রসিকিউটর মোশাররফ হোসেন ও মোহাম্মদ শাহনেওয়াজ তাঁকে সহায়তা করেন। অভিযুক্ত জওয়ানদের পক্ষে পাঁচজন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। মাঝে দুই দফা বিরতি দিয়ে বেলা পৌনে তিনটা পর্যন্ত আদালত চলে।৬২২ আসামিকেই গতকাল আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শুরু হলে অবশিষ্ট ১২২ আসামিকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। গত মঙ্গলবার ও সোমবার ৫০০ জনের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়।অভিযোগ শোনানো শেষ হলে আদালতের সভাপতি আসামিদের উদ্দেশে বলেন, বিডিআর আইন অনুসারে বিদ্রোহ বলতে বোঝায় দুই বা ততোধিক ব্যক্তির কর্তৃপক্ষের বিরুদ্ধে সম্মিলিত অবাধ্যতা। তবে বিদ্রোহ হলে তা কর্তৃপক্ষকে না জানানোও বিদ্রোহের শামিল। সভাপতি এ পর্যায়ে আসামিদের ভাবার জন্য ১৫ মিনিট সময় দিয়ে বলেন, ‘আপনাদের কাছে জানতে চাওয়া হবে, আপনারা দোষী, না নির্দোষ। আপনাদের অধিকার আছে নিজে যা মনে করেন, তা বলার। তবে যাঁরা দোষ স্বীকার করবেন, তাঁরা আদালতের অনুকম্পা পেতে পারেন।’ এরপর আদালত আসামিদের কাছে তাঁরা দোষী, না নির্দোষ, তা জানতে চান। বেলা পৌনে তিনটায় আদালত মুলতবি ঘোষণা করা পর্যন্ত ২৮০ আসামির কাছে তা জানতে চান আদালত। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আদালতের কার্যক্রম আবার শুরু হলে বাকি আসামিদের কাছে একই প্রশ্ন করা হবে।সেপাই আবুল হোসেন নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেন, তিনি দৃষ্টিপ্রতিবন্ধী। তিনি বিদ্রোহের সঙ্গে জড়িত থাকতে পারেন না। তবে বিশেষ প্রসিকিউটর মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এ দাবি ঠিক নয়। কেউ দৃষ্টিপ্রতিবন্ধী হলে বিডিআরে তাঁর চাকরি থাকার কথা নয়।প্রসঙ্গত, ১৩ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের বিদ্রোহ মামলার আসামি ছিলেন ৬২৩ জন। তাঁদের মধ্যে ব্যাটালিয়নের নিজস্ব সদস্য ৩১৫ জন ও সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের সদস্য ৩০৮ জন। বিচারকাজ শুরু হওয়ার পর একজন মারা যাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এই মামলার বিচার শুরু হয়েছিল প্রায় ছয় মাস আগে বিশেষ আদালত-৫-এ। আদালত বিভাজনের কারণে বিশেষ আদালত-৮-এ বর্তমানে এই মামলার বিচার চলছে।