২৮০ টাকার লবণ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় হঠাৎ লবণের দাম বেড়ে গেছে। এখন মাঠেই প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পশুর চামড়া সংরক্ষণের জন্য লবণের প্রয়োজন। এ জন্য পবিত্র ঈদুল আজহার সময় লবণের চাহিদা
বেড়ে যায়। তাই লবণের দাম বেড়ে গেছে।
চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলার লবণচাষি আবুল কাশিম বলেন, ‘লবণ চাষ করছি দুই যুগ আগে থেকে। ৬০০ টাকা লবণ এ প্রথম বিক্রি করছি। অনেক পরে হলেও লবণের ভালো মূল্য পাচ্ছি।’
ইলিশিয়া এলাকার চাষি ছুরত আলম বলেন, উৎপাদনের এখন মৌসুম না হলেও মাঠে মজুত রাখা লবণ বিক্রির ধুম পড়েছে। কিছুদিন আগেও প্রতি মণ লবণ ছিল ২৪০ থেকে ২৮০ টাকা। এখন সেই লবণ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।
তবে ভিন্ন কারণে লবণের দাম বেড়েছে বলে মনে করছেন লবণচাষি সমিতির নেতারা। বাংলাদেশ লবণচাষি সমিতির সভাপতি এইচ এম শহীদুল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের পর পরই দেড় লাখ টন লবণ বিদেশ থেকে আমদানির কথা ছিল। কিন্তু যথাসময়ে ওই লবণ আমদানি না করে দেশে হঠাৎ করে লবণের দাম বাড়ানো হয়েছে। যাতে এ কথা বলা যায় যে দেশে লবণের সংকট আছে। এ সংকটের অজুহাতে আরও বেশি লবণ আমদানির পাঁয়তারা চলছে কি না, সেটা খতিয়ে দেখা দরকার। যদি এমন হয়ে থাকে তাহলে লবণচাষিদের পথে বসতে বেশিক্ষণ সময় লাগবে না।’
জানুয়ারি থেকে এপ্রিল লবণ উৎপাদনের মৌসুম। বিসিকের কক্সবাজার কার্যালয়ের তথ্যমতে, গত মৌসুমে কক্সবাজারের সাত উপজেলায় ৬০ হাজার একর ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৭ হাজার ২৫৬ একর জমিতে লবণ উৎপাদন করা হয়। লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮ লাখ মেট্রিক টন। কিন্তু উৎপাদন হয় ১৫.৫৫ লাখ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদনের ঘাটতি থাকায় বিদেশ থেকে দেড় লাখ মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্ত হয়।
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম শহীদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এখন প্রতি মণ লবণ বিক্রি করছি সর্বোচ্চ ৬০০ টাকায়, যা আগের সব রেকর্ড ভঙ্গ করেছে। সরকার লবণ উৎপাদন মৌসুমে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ রাখতে উদ্যোগ নেওয়ায় এর সুফল পাচ্ছেন চাষিরা।’
বিসিকের কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিছ বলেন, ‘কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য লবণের বিপুল চাহিদা আছে। তাই দেশে উৎপাদিত লবণের দাম বৃদ্ধি পেয়েছে। এখন লবণ উৎপাদন মৌসুম না হলেও মজুত করা লবণচাষিরা দ্বিগুণ দামে বিক্রি করছেন।’