২৮০০ কোটি টাকা দিলে দুই শীর্ষ কর্মকর্তার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার পর জামিনে মুক্তি পাবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
ডেসটিনির ওই দুই শীর্ষ কর্মকর্তার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালত গাছ বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলেছেন। ডেসটিনি ট্রি-প্ল্যান্টেশন লিমিটেডের বিক্রির উপযোগী ৩৫ লাখ গাছ বিক্রির জন্য ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আদালত বলেছেন, এর পরিবর্তে নগদ আড়াই হাজার কোটি টাকা জমা দিলেও তাঁরা জামিনে মুক্তি পাবেন।
একই সঙ্গে আপিল বিভাগ ওই গাছ বিক্রির লক্ষ্যে ডেসটিনি টি-প্ল্যান্টেশন লিমিটেডের সিইও শামসুল হক ভুঁইয়া কারাগারে থাকা ওই দুই কর্মকর্তার কাছে যেন যেতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সহযোগিতা করতে ঢাকা ও কাশিমপুর কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে ডেসটিনি থেকে পাওয়া অর্থ যাচাই-বাছাই করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে বিতরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ডেসটিনির শীর্ষ দুই কর্মকর্তার পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। পরে তিনি প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী টাকা জমা দিলে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেন জামিন পাবেন। একটি হলো, যদি গাছ বিক্রি করে দেন, তাহলে ২ হাজার ৮০০ কোটি টাকা। অথবা নগদ আড়াই হাজার কোটি টাকা ছয় সপ্তাহের মধ্যে দিলে তাঁরা জামিন পাবেন। আদালত জানতে চেয়েছিলেন, টাকা কোথায় গেছে ও কত টাকা আছে। তিনি বলেছেন, টাকা বিনিয়োগ করা আছে। ট্রি-প্ল্যান্টেশনে আছে, সম্পত্তিতে আছে, ব্যবসায় আছে—এগুলো আদালতে দেখানো হয়েছে।
খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ শর্ত সাপেক্ষে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের জামিন দিয়েছেন। গাছ বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা অথবা আড়াই হাজার কোটি টাকা নগদ সরকারি কোষাগারে দিতে হবে ছয় সপ্তাহের মধ্যে। এই অর্থ জমা দেওয়ার পর এর অনুলিপি দুদক চেয়ারম্যানের বরাবরে পাঠাতে হবে। দুদক ক্ষতিগ্রস্ত গ্রাহকদের যাচাই করে তাঁদের কাছে টাকা হস্তান্তর করবে। টাকা জমা দেওয়ার পর রফিকুল ও মোহাম্মদ হোসেন কারাগার থেকে মুক্তি পাবেন।
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় এ দুটি মামলা করে দুদক। ওই বছরের ১১ অক্টোবর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে ওই দুজন জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠান।