২৮২ কোটি টাকার মধ্যে মিলেছে ৩২ কোটি টাকা
তিন বছর মেয়াদি চট্টগ্রাম নগরের বহদ্দারহাট-কর্ণফুলী তৃতীয় সেতু অ্যাপ্রোচ সড়ক প্রকল্পের মেয়াদ আছে আর মাত্র পাঁচ মাস। কিন্তু প্রকল্পের জন্য বরাদ্দ ১৫৩ কোটি টাকার মধ্যে পাওয়া গেছে মাত্র ১১ কোটি টাকা। অন্যদিকে সাড়ে চার বছর মেয়াদি চট্টগ্রাম-রাঙামাটির অক্সিজেন-হাটহাজারী সড়ক প্রকল্পের মেয়াদ আছে ১৭ মাস। এ প্রকল্পের জন্য বরাদ্দ ১২৯ কোটি টাকার মধ্যে পাওয়া গেছে মাত্র ২১ কোটি টাকা। অর্থাৎ, দুটি প্রকল্পে ২৮২ কোটির মধ্যে মিলেছে মাত্র ৩২ কোটি টাকা।দুটি প্রকল্পের ধীরগতির কারণে নগরের সঙ্গে তিন পার্বত্য জেলা, কক্সবাজারসহ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণের ১১টি উপজেলার সড়ক যোগাযোগের ক্ষেত্রে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) প্রকল্প দুটি বাস্তবায়ন করছে।বহদ্দারহাট-কর্ণফুলী তৃতীয় সেতু অ্যাপ্রোচ সড়ক: বহদ্দারহাট থেকে সেতু পর্যন্ত সড়ক ছয় লেন করার কাজ শুরু হয় ২০১০ সালের জানুয়ারিতে। আগামী ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা।সরেজমিনে দেখা গেছে, পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক চওড়া করার কাজ এখনো শুরু হয়নি। দুই বছর সাত মাসে মাত্র আটটি সেতু ও কালভার্টের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। অর্থের অভাবে সেতুর উপরিভাগের অবকাঠামোর কাজ শুরু হয়নি।সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘এ অর্থবছরে আমরা প্রকল্পটির জন্য সাত কোটি টাকা পেয়েছি। তাতে সেতু ও কালভার্টের কাজ চালিয়ে নেওয়া যাবে। তবে আরও বরাদ্দ না পাওয়ায় সড়ক চওড়া করার কাজ শুরু করা যায়নি।’বহদ্দারহাট থেকে কর্ণফুলী তৃতীয় সেতু সংযোগ সড়কটি দুই লেনের। পৌনে দুই বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী শাহ আমানত সেতু উদ্বোধন করেন। কিন্তু দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের যাত্রীরা নতুন সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছে কেবল রাস্তার বেহাল দশার কারণে। এ কারণে বর্তমান সরকার বহদ্দারহাট থেকে সেতু পর্যন্ত সড়কটি ছয় লেন করার সিদ্ধান্ত নেয়।সওজ সূত্র জানায়, ২০১০ সালে এই প্রকল্পের জন্য কেবল এক কোটি টাকা এবং গত বছর তিন কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়। এই অর্থবছরে পাওয়া গেছে সাত কোটি টাকা।অক্সিজেন-হাটহাজারী সড়ক: খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চট্টগ্রাম-রাঙামাটির অক্সিজেন-হাটহাজারী অংশের সাড়ে ১২ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ। দুই লেন থেকে এটিকে চার লেনে উন্নীত করার কাজ শুরু হয় ২০০৯ সালের জুলাই থেকে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য বরাদ্দ হয়েছে ১২৯ কোটি টাকা। তিন বছরে পাওয়া গেছে ২১ কোটি টাকা।জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, ‘এবার প্রকল্পের জন্য ১০ কোটি টাকা পাওয়া গেছে, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু এই টাকা দিয়ে তো প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি আসবে না। আমি মন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।’সওজ সূত্র জানায়, ২০০৯ সালের জুলাইয়ে কাজ শুরু হলেও সরকার ওই বছর প্রকল্পটির জন্য কোনো বরাদ্দ দেয়নি। পরের বছর আট কোটি এবং গত বছর মাত্র তিন কোটি টাকা পাওয়া যায়।