নোয়াখালীর সেনবাগ উপজেলার গাজিরহাট-অশ্বদিয়াবাজার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি উপজেলার ডমুরুয়া ইউনিয়নে পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন অশ্বদিয়াবাজারে পণ্যবাহী ট্রাক, পিকআপ ও অটোরিকশা চলাচল করে। পরিবহনচালক, ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা বলেন, এই সড়কের বেহাল অবস্থার কারণে ভোগান্তির শেষ নেই।
শুধু গাজিরহাট-অশ্বদিয়াবাজার সড়কই নয়, উপজেলার ৯টি ইউনিয়নের ২৮৬ কিলোমিটার পাকা সড়কের মধ্যে ১২৬ কিলোমিটারের অবস্থাও নাজুক। বছরের পর বছর ধরে এসব সড়কের সংস্কার করা হচ্ছে না।
সম্প্রতি কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট-দৌলখাঁবাজার সড়ক, কাদরা ইউনিয়নের কাদরা-মগুয়া-জয়নগর সড়ক সরেজমিনে দেখা যায়, সড়কগুলোর প্রতিটিরই পিচ উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা জহির উদ্দিন বলেন, গাজিরহাট-অশ্বদিয়াবাজার সড়কটি ইউনিয়নের প্রধান সড়ক। সড়কটির অবস্থা এতটাই খারাপ যে এটি কখনো সংস্কার করা হয়েছে বলেও মনে হয় না।
কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট-দৌলখাঁবাজার সড়ক দিয়ে ইউনিয়নের পাঁচ-ছয়টি গ্রামের বাসিন্দারা ছাড়াও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁ ইউনিয়নের লোকজন যাতায়াত করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে চলাচলে ভোগান্তির শেষ নেই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলায় পাকা সড়ক রয়েছে ২৮৬ কিলোমিটার। এর মধ্যে ১২৬ দশমিক ১৫ কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ।
উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান সড়কের দুরবস্থার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, প্রতিবছর তাঁরা সড়ক সংস্কারে বরাদ্দ পান এক থেকে দেড় কোটি টাকা। এই টাকা দিয়ে বড়জোর ৮-১০ কিলোমিটার সড়কের সংস্কারকাজ করা সম্ভব। সময়মতো সংস্কার করতে না পারায় খারাপ সড়কগুলোর অবস্থা দিন দিন আরও খারাপ হয়েছে। তিনি বলেন, উপজেলার ৭৮টি সড়ক সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।