ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর থেকে শুরু হবে। খ ইউনিটের অধীনে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হবে।গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ২৭ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে ছাড়ার সিদ্ধান্ত হয়। অনলাইনে আবেদনপত্র পূরণ করা যাবে ১৪ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া নতুন দুটি বিভাগ ও একটি ইনস্টিটিউট চালু করারও সিদ্ধান্ত হয়েছে।গতকাল বুধবার দুপুরে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। ২৯ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের পরীক্ষা ৫ নভেম্বর, বাণিজ্য অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের পরীক্ষা ২৬ নভেম্বর এবং বিভাগ পরিবর্তনকারী ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ১০ ডিসেম্বর।শিক্ষার্থীদের আবেদনপত্রের মূল্য ৩০০ টাকা এবং ব্যাংক মাশুল ২০ টাকাসহ মোট ৩২০ টাকা জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের (admission.univdhaka.edu) এই ওয়েবসাইটে আবেদনপত্র এবং আবেদন পূরণ ও জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে। এবার ভর্তি পরীক্ষায় ২০০৯ অথবা ২০১০ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, শুধু তাঁরা আবেদন করতে পারবেন।নতুন দুটি বিভাগ ও একটি ইনস্টিটিউট: সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে নিউক্লিয়ার অ্যান্ড এনার্জি নামে দুটি বিভাগ চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণাকেন্দ্রটিকে ইনস্টিটিউট করারও সিদ্ধান্ত হয়েছে। এর নতুন নাম ‘নবায়নযোগ্য শক্তি গবেষণা ইনস্টিটিউট’। বিভাগ দুটি ও ইনস্টিটিউটে আগামী বছর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।স্বাস্থ্য অর্থনীতি বিভাগে এ বছরই প্রথম অনার্স কোর্স চালু হচ্ছে। এ বছর বিভাগটিতে ৬০টি আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এর মধ্যে ৩০ জন ‘ঘ’ ইউনিট এবং ৩০ জন ‘খ’ ইউনিট থেকে ভর্তি হবেন।