২৯ এপ্রিল খুলনায় রাজপথ-রেলপথ অবরোধ
বকেয়া বেতন ও মজুরি পরিশোধ, ২০ ভাগ মহার্ঘ ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে ২৯ এপ্রিল বুধবার রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন খুলনা ও যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকেরা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের রেলগেট এবং ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সুবিধাজনক স্থানে একযোগে রাজপথ-রেলপথ অবরোধ করা হবে।
গতকাল শুক্রবার বিকেলে খুলনা নগরের খালিশপুরের বিআইডিসি সড়কে অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের জনসভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
পাঁচ দফার অন্য তিন দফা হলো পাটকলগুলোকে উৎপাদনমুখী করার জন্য পাট খাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পাট পণ্যের দেশীয় বাজার সুরক্ষা ও সম্প্রসারণ করার জন্য প্রণীত আইন ২০০২ ও প্যাকেজিং অ্যাক্ট ২০১০ অবিলম্বে বাস্তবায়ন এবং খালিশপুর, দৌলতপুর, জাতীয় ও কর্ণফুলী জুট মিলের শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ।
সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি সরদার মোতাহার উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পাটকল সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম।
১১ দিন ধরে পাটকলগুলোর শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।