২৯ ও ৩০ জুলাই চলবে না মৈত্রী ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন হয়ে ঢাকা-কলকাতা পথে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ২৯ ও ৩০ জুলাই চলবে না।

ঈদুল ফিতর উপলক্ষে ওই দুই দিন ট্রেনটির চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ। তবে স্থলপথে দুই দেশের যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সপ্তাহের প্রতি শুক্রবার ভারতীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি পরদিন শনিবার ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যায়। একইভাবে প্রতি মঙ্গলবার বাংলাদেশি মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।

পরদিন বুধবার কলকাতা থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী ট্রেনের যাত্রীদের অভিবাসন (ইমিগ্রেশন) ও শুল্কায়ন (কাস্টমস) প্রক্রিয়া সম্পন্ন করতে সপ্তাহে চার দিন দর্শনা স্টেশনে মধ্যবিরতি দেওয়া হয়।

রেলওয়ে স্টেশনমাস্টার লিয়াকত আলী প্রথম আলোকে জানান, আজ কলকাতা থেকে ছেড়ে আসা ভারতীয় ট্রেনটি যাত্রী নিয়ে আগামীকাল নিজ দেশে ফিরে যাবে। তবে ঈদের কারণে ২৯ জুলাই বাংলাদেশি ট্রেনটি যাত্রা করবে না। একই কারণে পরদিন ৩০ জুলাই কলকাতা থেকে মৈত্রী ট্রেন ছেড়ে আসবে না।

দর্শনা বন্দরের শুল্ক বিভাগের (কাস্টমস) রাজস্ব কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, ওই দুই দিন স্থলপথে দর্শনা হয়ে ভারত-বাংলাদেশের যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।