২৯ কাঁচাবাজার পর্যবেক্ষণে ৮ ভ্রাম্যমাণ আদালত
পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রাজধানীর কাঁচাবাজারে আটটি ভ্রাম্যমাণ আদালত নজরদারি করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ শনিবার দুপুরে হাতিরপুল কাঁচাবাজারে দ্রব্যমূল্য পরিদর্শনে গিয়ে মেয়র এই কথা জানান। এ সময় তিনি হাতিরপুল বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
চালের দাম কেজিতে তিন টাকা করে বেশি রাখার দায়ে লিটন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার এই আদালত পরিচালনা করেন। ডিএসসিসির এই পদক্ষেপ সারা বছর চালু রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা।
কাঁচাবাজার পরিদর্শনের আগে সাঈদ খোকন বলেন, প্রতি বছর রোজা সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। এ জন্য ডিএসসিসিকে বাড়তি নজরদারি করতে হয়। তাই ডিএসসিসির নিজস্ব ব্যবস্থাপনার ১৩টি কাঁচাবাজার এবং বিভিন্ন সমিতির ব্যবস্থাপনায় ১৬টি বাজারে মূল্যতালিকা টানিয়ে দিয়েছি। কেউ অতিরিক্ত দাম রাখলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র সাঈদ খোকন বলেন, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের নিয়ে আটটি মোবাইল কোর্ট করা হয়েছে। এর সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও থাকবেন। তারা বাজারগুলো ঘুরে দেখবেন, যাতে কেউ অতিরিক্ত দাম রাখতে না পারে। এ সময় ডিএসসিসির টানানো পণ্যের তালিকা অনুসরণ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
মেয়রের পরিদর্শনের সময় হাতিরপুল কাঁচাবাজারে মাছ, মাংস, আলু, পটলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনা-কাটা করছিলেন পরীরবাগের বাসিন্দা তাহমিনা হক। আলাপকালে তিনি বলেন, কাঁচাবাজারে সরকার নির্ধারিত মূল্য মানেন না ব্যবসায়ীরা। তাঁরা যে যার মতো পণ্যের দাম হাঁকান। অনেক সময় তাঁরা ওজনেও কম দেন। ক্রেতারা প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। তাই রমজানের মতো সারা বছর ডিএসসিসিকে কাঁচাবাজার তদারকি করতে হয়।
এই নারীর এসব অভিযোগের বিষয়ে মেয়র প্রথম আলোকে বলেন, রমজান ছাড়াও কাঁচাবাজারে কোনো পণ্যের দাম বেশি রাখা হলে বা ওজনে কম দিলে ডিএসসিসি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জানাতে হবে। পরে তা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনের সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।