২৯ কাউন্সিলর প্রার্থীর ২১ জন ভূমিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর পক্ষে গতকাল প্রচারণা চালাচ্ছেন একদল নারী l প্রথম আলো
বগুড়ার সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর পক্ষে গতকাল প্রচারণা চালাচ্ছেন একদল নারী l প্রথম আলো

বগুড়ার কাহালু পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ডের ২৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর ২১ জনই ভূমিহীন। প্রার্থীরা হলফনামায় স্থাবর সম্পত্তির জায়গায় তাঁদের জমি নেই বলে উল্লেখ করেছেন। আয়ের উৎস হিসেবে ব্যবসা ও মৎস্য চাষ উল্লেখ করেছেন।
হলফনাম থেকে জানা যায়, ১ নম্বর ওয়ার্ডের তিনজন প্রার্থীর একজনের পেশা কৃষিকাজ ও দুজন ব্যবসায়ী। ২ নম্বর ওয়ার্ডের চারজন প্রার্থীর দুজনের কোনো জমি নেই। তাঁদের মধ্যে ভূমিহীন কাউন্সিলর প্রার্থী রুস্তম আলী পেশায় কৃষিকাজ করেন বলে উল্লেখ করলেও মূলত চা-বিক্রেতা। আরেকজন মুরগির খাবার বিক্রেতা। বাকি দুজন মৎস্যচাষি।
৩ নম্বর ওয়ার্ডের তিনজন প্রার্থীর মধ্যে কারও জমি নেই। তাঁদের একজন পেশায় শ্রমিক, অন্যরা মৎস্যচাষি ও চাতাল ব্যবসায়ী। ৪ নম্বর ওয়ার্ডের তিনজন প্রার্থীর কারও জমি নেই। তাঁদের দুজন ব্যবসায়ী ও একজন মৎস্যচাষি।
৫ নম্বর ওয়ার্ডের তিনজন প্রার্থীরই কোনো জমি নেই। তাঁদের একজন জানিয়েছেন, স্ত্রীর জমিই তাঁদের একমাত্র সম্বল। বাকি প্রার্থীর একজন পেশায় সাংবাদিক, আরেকজন ব্যবসায়ী। ৬ নম্বর ওয়ার্ডের দুজন প্রার্থীর কারও জমি নেই। তাঁদের একজন হোটেল কর্মচারী, অপরজন মৎস্যচাষি।
৭ নম্বর ওয়ার্ডের চারজন প্রার্থীর তিনজনেরই জমি নেই। তাঁদের আয়ের উৎস মৎস্য চাষ। অন্য প্রার্থী ব্যবসায়ী। ৮ নম্বর ওয়ার্ডের তিনজন প্রার্থীর দুজনের কোনো জমি নেই। তাঁরা সবাই মৎস্যচাষি। ৯ নম্বর ওয়ার্ডের চারজন প্রার্থীর তিনজনের কোনো জমি নেই। তাঁদের সবাই পরিবহন ব্যবসায়ী।
ভূমিহীন আটজন কাউন্সিলর প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘উকিল সাহেব মনোনয়নপত্র ও হলফনামা লিখে দিয়েছেন। এত কিছু তো আমরা বুঝি না। আমরা শুধু সইটা করেছি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, ‘হলফনামা যাচাই-বাছাই করলে বেশির ভাগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। বেশির ভাগ সময় হলফনামার সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে। নির্বাচন কমিশনকে এসব বিষয়ে অবগত করেছি। ভবিষ্যতে নির্বাচন কমিশন এ ধরনের বিষয়ে আরও কঠোর হবে।’