
পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর সেতুর নির্মাণকাজ দেড় বছর ধরে বন্ধ রয়েছে। জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় উঁচু না হওয়ার কথা জানিয়ে দেড় বছর আগে এর নির্মাণকাজ বন্ধ রাখা হয়। তখন পর্যন্ত ২৯ কোটি টাকা ব্যয়ে সেতুর ৫৫ শতাংশ কাজ শেষ হয়।
পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সেতুটির উচ্চতা ৯ দশমিক ৪৭ মিটার করার অনুমতি দেয়। সে অনুযায়ী সেতু নির্মাণ শুরু হয়। সে সময় পায়রায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের কথা বিবেচনা করা হয়নি। সমুদ্রবন্দরটি হলে ভবিষ্যতে লোহালিয়া নদী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল করবে। সে ক্ষেত্রে নদীর মূল চ্যানেলে সেতুর উচ্চতা হতে হবে নদীপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৩০ মিটার। এই পরিস্থিতিতে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালীর আট উপজেলার মধ্যে এবং ভোলা ও বরগুনার সঙ্গে সড়কপথে যোগাযোগ সহজ করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। এর পরিপ্রেক্ষিতে সরকার ২০০৮ সালে পটুয়াখালীর গলাচিপা-কলাগাছিয়া সড়কে লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয়। ৪৬৪ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৪৬ কোটি টাকা। ২০১১ সালের ৯ নভেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। ২০১৪ সালের ২০ অক্টোবর সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।
সেতু নির্মাণের জন্য শুরুতেই ৪ দশমিক ৯৫১ একর ভূমি অধিগ্রহণে ৩ কোটি ৭৫ লাখ ২২ হাজার ৩৭৯ টাকা ব্যয় করা হয়। নির্মাণকাজ ৫৫ শতাংশ শেষ হওয়ার পর ২০১৪ সালের ১ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী সেতুটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। তবে এ কাজের জন্য ঠিকাদারকে ২৫ কোটি ২৯ লাখ টাকা পরিশোধ করা হয়। ফলে মোট ব্যয় হয় ২৯ কোটি ৪ লাখ ২২ হাজার ৩৭৯ টাকা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ পাড়ে দুটি পিলার বাদে সেতুর সবগুলো পিলার নির্মাণ শেষ হয়েছে। এখানে এখন কোনো নির্মাণসামগ্রী ও সংশ্লিষ্ট কেউ নেই।
সেতু না থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষকে ট্রলারে লোহালিয়া নদী পার হয়ে চলাচল করতে হচ্ছে। পটুয়াখালী একেএম কলেজের ছাত্র মাসুদুল আলম বলেন, তিনি লোহালিয়া গ্রাম থেকে প্রতিদিন ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হয়ে কলেজে আসেন।
উন্নয়নকর্মী স্বজন ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে তাঁকে ট্রলারে নদী পার হয়ে কর্মস্থল দশমিনা উপজেলা সদরে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুটি নির্মাণ এই এলাকার মানুষের প্রাণের দাবি।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন বলেন, ‘দক্ষিণ জনপদের স্বপ্ন লোহালিয়া সেতু। এটি নির্মাণে আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ। বর্তমানে নৌকায় নদী পার হতে মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুজ্জামান বলেন, এখন লোহালিয়া নদীতে এমনিতেই চর পড়ে গেছে। শুষ্ক মৌসুমে এই নদী দিয়ে সাধারণ লঞ্চ চলাচলে অসুবিধা হয়। সেতুর মাঝখানটা উঁচু করে স্টিল প্লেট ব্যবহার করে নির্মাণকাজ শেষ করা হলে সড়ক যোগাযোগ স্থাপনসহ কোটি কোটি টাকা অপচয় থেকে রক্ষা পাবে।
পরিচয় গোপন রাখার শর্তে একজন জ্যেষ্ঠ প্রকৌশলী প্রথম আলোকে বলেন, ‘সেতু পণ্যবাহী নৌযান চলাচলের উপযোগী উঁচু করতে হলে এর খুঁটির (বিম) উচ্চতা বাড়াতে হবে। ওই সেতুর অধিকাংশ খুঁটি এরই মধ্যে নির্মাণ করা শেষ। এই খুঁটির উচ্চতা বাড়াতে হলে নিচে ভিতের (বেইজ) পরিধিও বাড়াতে হবে। আর সেটা করার সুযোগ এখন নেই। কোনোভাবে করা গেলেও তা হবে ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় হয় সেতু আগের ভিত্তির (সাবস্ট্রাকচার ডিজাইন) ওপর করতে হবে, না হলে পুরোটা ভেঙে নতুন নকশা করে নির্মাণ করতে হবে।’ তিনি বলেন, এই সেতু নির্মাণ প্রকল্পটি অদূরদর্শী সিদ্ধান্ত এবং আন্তমন্ত্রণালয় সমন্বয়হীনতার বাজে উদাহরণ।
পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলেন, এ ব্যাপারে পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করা হয়েছে। উচ্চপর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।