২৯ কোটি টাকার ফসলহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা, ঝড়-শিলাবৃষ্টিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২৬ কোটি টাকার বেশি মূল্যের শস্য বিনষ্ট হয়েছে। একই কারণে নালিতাবাড়ী উপজেলায় ২ কোটি ৯৪ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগ এ তথ্য জানিয়েছে।
ঝিনাইগাতীতে ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হলো সদর, ধানশাইল, গৌরীপুর, হাতিবান্ধা ও মালিঝিকান্দা। এসব ইউনিয়নের আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হন। তাঁরা এখন পর্যন্ত সরকারি সাহায্য পাননি।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ঝিনাইগাতীতে ১৪ হাজার ২৯৭ হেক্টর জমিতে বোরো ধান ও ৫০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়। গত মার্চ-এপ্রিলে শিলাবৃষ্টি-ঝড়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে অকালবন্যায় ২ হাজার ১০৬ হেক্টর জমির বোরো ধান ও সবজি নষ্ট হয়। এতে ২৪ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকার ধান ও দেড় কোটি টাকার সবজির ক্ষতি হয়েছে।
রাঙামাটি খাটুয়া গ্রামের আব্দুছ ছালাম বলেন, ‘ব্যাংক থাইক্যা ৪০ হাজার টাকা ঋণ নিয়া সাড়ে তিন একর জমিতে বোরো আবাদ করছিলাম। কিন্তু ঢলের পানিতে সব নষ্ট হইয়া গেছে। অহন ক্যামনে ব্যাংকের ঋণ শোধ করমু আর ক্যামনে চার ছেলেমেয়ে নিয়া সংসার চালামু ভাবতাছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, কৃষকদের ক্ষয়ক্ষতির তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো বলা যাচ্ছে না।
নালিতাবাড়ী কৃষি কার্যালয়, এলাকার কৃষক, জনপ্রতিনিধিদের সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে কলসপাড় ইউনিয়নের ২ হাজার ২৮০ হেক্টর ও যোগানিয়া ইউনিয়নের ৩ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এ দুটি ইউনিয়নে ২৫০ একর জমির ফসল সম্পূর্ণ ও ৭৫০ একর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২ কোটি ৯৪ লাখ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বলা হয়েছে। তালিকা অনুযায়ী তাঁদের সহায়তা করা হবে।