২৯ ঘণ্টা পর কনটেইনার থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে আবু তাহের
হাসপাতালে আবু তাহের

চট্টগ্রাম বন্দর থেকে আসা একটি জাহাজের কনটেইনার থেকে আবু তাহের নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই কনটেইনারে তিনি ২৯ ঘণ্টা ধরে আটকা ছিলেন বলে বন্দর সূত্রে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে আবু তাহেরকে উদ্ধার করা হয়। এর পরই তাঁকে মংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন অনেকটা সুস্থ।

আবু তাহের প্রথম আলোকে বলেছেন, তিনি চট্টগ্রাম বন্দরে শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁর বাবার নাম সাবের। বাড়ি চট্টগ্রামের আনোয়ারার বুবুমছড়া এলাকায়। তিনি বলেছেন, নেশাগ্রস্ত অবস্থায় তিনি কাজ করছিলেন। ওই অবস্থায় তিনি কনটেইনারে ঘুমিয়ে পড়ে থাকতে পারেন।


মংলা বন্দরের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত বুধবার চট্টগ্রাম বন্দর থেকে দুপুর ১২টায় ছেড়ে আসা কনটেইনার বোঝাই জাহাজ এম. ভি ইলেএস গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মংলা বন্দর জেটিতে ভেড়ে। ওই জাহাজে ৩০০টি কনটেইনার ছিল। বেশ কিছু কনটেইনার খালাসের পর একটির মধ্যে শব্দ শুনতে পান জেটিতে কর্মরত শ্রমিকেরা। তাঁরা সেটি খুলে মুমূর্ষু অবস্থায় আবু তাহেরকে দেখেন। তাঁকে দ্রুত বন্দর হাসপাতালে নেওয়া হয়।

মংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) গোলাম মোক্তাদিরের ভাষ্য, এই কনটেইনারের মুখ যখন আটকে দেওয়া হয় তখন ভেতরে আর আলো-বাতাস প্রবেশ করতে পারে না। কনটেইনার আটকানোর আগে ভেতরে যতটুকু অক্সিজেন ছিল সেটুকু দিয়েই আবু তাহের বেঁচেছিলেন। ৪০ ফুট আয়তনের কনটেইনার হওয়ায় ভেতরে অক্সিজেনের পরিমাণ বেশি ছিল।

মংলা বন্দরে শ্রমিকেরা টের পাওয়াতে তাঁর জীবন রক্ষা হয়েছে। জাহাজটির সিঙ্গাপুর বন্দর পর্যন্ত যাওয়ার কথা ছিল। আবু তাহেরকে মংলা থেকে উদ্ধার করা না গেলে তিনি আর বেঁচে থাকতে পারতেন না।

মংলা বন্দর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আবদুল হামিদ বলেছেন, গতকাল রাত ১০টা ২০ মিনিটের দিকে আবু তাহেরকে হাসাপাতালে আনা হয়। তখন তিনি অচেতন ছিলেন। এখন অনেকটা ভালো। দুপুরে খাওয়া-দাওয়া করেছেন। শারীরিকভাবে আশঙ্কামুক্ত হলেও মানসিকভাবে তিনি বিপর্যস্ত।

চিকিৎসক আবদুল হামিদ আরও জানান, তাঁকে হেরোইন আসক্ত বলে মনে হয়েছে। তাঁর কাছে কিছু নেশার সামগ্রীও পাওয়া গিয়েছে।