২৯ জেলেকে ছেড়ে দিয়েছে জলদস্যুরা
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগরে অপহৃত ২৯ জেলেকে ছেড়ে দিয়েছে জলদস্যুরা। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে জেলেরা কুতুবদিয়া উপকূলে নৌকাসহ ফিরে আসেন।
অপহৃত জেলে নৌকাটি কুতুবদিয়ার আলী আকবর ঘাটে নোঙর করার পর নৌকার মালিক জয়নাল আবেদীন মুঠোফোনে প্রথম আলোকে জানান, অপহরণের পর জেলেদের মারধর করেছে দস্যুরা। তাঁদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন অজিত কুমার দাস, আবদুল কাদের ও বশির আহমেদ। তিনি জানান, নৌকা থেকে মাছ, জাল ও বিভিন্ন সরঞ্জাম লুট করেছে দস্যুরা।
পুলিশ জানায়, এক সপ্তাহ আগে কুতুবদিয়া উপজেলার বড়খোপ ইউনিয়নের আমজাখালী গ্রামের জয়নাল আবেদীনের মালিকানাধীন মাছ ধরার নৌকায় ৩১ জেলে বঙ্গোপসাগরে যান। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সোনাদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় ওই নৌকাটি জলদস্যুদের কবলে পড়ে। এ সময় নৌকার মাঝি মোহাম্মদ বাদশাহসহ দুই জেলে সাগরে ঝাঁপ দিয়ে উপকূলে ফিরে এসে বিষয়টি নৌকার মালিককে জানান। পরে নৌকা ও জেলে অপহরণের বিষয়ে নৌকার মালিক জয়নাল আবেদীন মহেশখালী ও কুতুবদিয়া থানা-পুলিশকে জানান।
অপহৃত জেলে ও মাছ ধরা নৌকা উদ্ধারের জন্য কোস্টগার্ড ও মহেশখালী থানা-পুলিশ সোনাদিয়ার পশ্চিমে সাগরে অভিযান চালায়। অভিযানের মুখে বৃহস্পতিবার বিকেলে দস্যুরা জেলেদের ছেড়ে দেয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, গতকাল তিনটার দিকে মাছ ধরা নৌকাসহ অপহৃত জেলেরা কূলে ফিরে এসেছেন। ফেরার পথে সাগরে নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় তাঁদের তীরে ফিরতে দেরি হয়েছে।