২৯ ডিসেম্বর জেএসসি, পরদিন সমাপনীর ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৯ ডিসেম্বর। পরদিন ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল।
শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে এ তথ্য জানান। গত নভেম্বরের শুরুতে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছিল। ২০ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে কয়েক দফায় পরীক্ষা পিছিয়ে নির্দিষ্ট সময়ের পর শেষ করা হয়।
অন্যদিকে, ২০ নভেম্বর শুরু হয়েছিল দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে পরীক্ষার্থী ছিল প্রায় ২৯ লাখ। ওই পরীক্ষা ২৮ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধে তিন দফায় পেছাতে হয়। অবশ্য বরাবরের মতো এবারও ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।
বই উৎসব ২ জানুয়ারি: ২ জানুয়ারি সারা দেশে ‘বই উৎসব’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জানুয়ারি আখেরি চাহার সোম্বা থাকায় এক দিন পর ২ জানুয়ারি এই উৎসব করা হচ্ছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘চরম প্রতিকূলতার মধ্যেও আমরা শিক্ষাবর্ষের প্রথম কর্মদিবসেই বই উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য সবার সহযোগিতা চাই।’