২৯ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে জাতীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি এবং দ্রুত খনিজ সম্পদ নিষিদ্ধকরণ আইন পাসসহ সাত দফা দাবিতে ২৯ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করবে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।এই কর্মসূচির সমর্থনে গতকাল বৃহস্পতিবার কমিটি রাজধানীতে পদযাত্রা করে। জাতীয় প্রেসক্লাব থেকে গুলিস্তান ঘুরে পল্টন পর্যন্ত তারা পদযাত্রা করে।পদযাত্রার শুরুতে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বলেন, বিদেশি কোম্পানির ভাড়া খাটা লোক নিয়ে গঠিত জাতীয় কয়লানীতি কমিটি জনগণ মেনে নেবে না। আর জ্বালানি মন্ত্রণালয়কে ‘কাসিমবাজার কুঠি’ বানানো চলবে না। কতিপয় ‘দস্যু’গোষ্ঠীকে ব্যবসা দিতে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ প্লান্ট চুক্তি করে দেশকে ঋণগ্রস্ত ও জনগণকে বিপদগ্রস্ত করা হয়েছে। অন্যদিকে জ্বালানি তেল-গ্যাস ও বিদ্যুতের দাম দফায় দফায় বাড়িয়ে এর দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।সমাবেশে বক্তৃতা করেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহিদুল্লাহ, সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, খান আসাদুজ্জামান মাসুম, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক প্রমুখ। সমাবেশে জানানো হয়, আজ শুক্রবার মিরপুর ১০ নম্বর গোলচত্বর (ফায়ার সার্ভিস) ও শনির আখড়া থেকে পদযাত্রা অনুষ্ঠিত হবে।