২৯ ডিসেম্বর ঢাকায় এলে লেজ গুটিয়ে পালাতে হবে: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে হরতাল-অবরোধে জনগণ যখন সাড়া দিচ্ছে না, তখনই তিনি কথিত ‘গণতন্ত্রের অভিযাত্রা’র ডাক দিয়েছেন। তিনি খুনি-সন্ত্রাসীদের ঢাকায় এনে হেফাজতের মতো তাণ্ডব চালাতে চান। খালেদা জিয়ার এ খায়েশ পূরণ হতে দেওয়া যাবে না। আগামী ২৯ ডিসেম্বর যারা ঢাকায় আসবে, তাদের লেজ গুটিয়ে পালাতে হবে।’
গতকাল শুক্রবার তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে যুবমৈত্রী ও ছাত্রমৈত্রী আয়োজিত ‘মহান বিজয় দিবস ও তরুণ সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মেনন এ কথা বলেন। খবর বাসসের।
রাশেদ খান মেনন বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর বেগম জিয়া ১৮ দলের নেতা-কর্মীদের জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকায় আসতে বলেছেন। বিএনপি ও ১৮ দলের অন্য নেতা-কর্মীদের হাতে পতাকা থাকলে আপত্তি থাকত না। কিন্তু যে দলটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে না, সেই জামায়াত-শিবিরের হাতে জাতীয় পতাকা থাকবে, এটি মেনে নেওয়া যায় না। বাংলাদেশের পতাকা সমুন্নত রাখতে হবে। এর অবমাননা হতে দেওয়া যায় না। জামায়াত-শিবির শকুনিরা আজ জাতীয় পতাকা খামচে ধরেছে।’
তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ৪২ বছর পূর্বে এ দেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তরুণ সমাজ। আজ ৪২ বছর পরে আবার তাদের জামায়াত-শিবিরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। গণজাগরণ মঞ্চের আবার উত্থান ঘটাতে হবে।

ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নূর আহমেদ বকুল, দিপঙ্কর সাহা, যুবমৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুশমত প্রমুখ। সভা পরিচালনা করেন যুবমৈত্রীর নেতা সাঈদ হোসেন।