২৯ দিন পর এক শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ধসের ঘটনায় নিখোঁজ এক শিশুর মৃতদেহ ২৯ দিন পর পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে হেচ্চার খাল নামক স্থানের প্যারাবনের ভেতর থেকে লাশটি পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, গত ১৪ জুন পাহাড় ধসের সময় মাটিচাপায় ৩৩ জনের মৃত্যু হয়। এরপর থেকে বৈদ্যরঘোনা এলাকার দিল মোহাম্মদের ছেলে ফয়সাল (৩) নিখোঁজ ছিল। গতকাল সকালে হেচ্চার খালের প্যারাবনে লাশ দেখতে পেয়ে লোকজন ভিড় করে। খবর পেয়ে ফয়সালের বাবা দিল মোহাম্মদ সেখানে উপস্থিত হয়ে পরনের কাপড় ও শরীরের গঠন দেখে মৃতদেহটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন। স্থানীয় অধিবাসীদের ধারণা, পাহাড়ধসের ঘটনার দিন ভারি বৃষ্টিপাতে শিশুটি ভেসে পাহাড়ি ছড়ার মাটির নিচে চাপা পড়ে। এরপর থেকে তেমন বৃষ্টিপাত হয়নি। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বর্ষণে পাহাড়ের ছড়া থেকে ঢলে চাপা পড়ে থাকা শিশুর লাশটি নাফ নদীতে চলে যায়। পরে নাফ নদীর সংযোগ মুখে হেচ্চারখাল নামক স্থানের প্যারাবনে আটকে থাকে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, দাফনপ্রক্রিয়া শেষ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষে থেকে দুই হাজার টাকা দেওয়া হয়েছে। এর আগে নিখোঁজ থাকায় ফয়সালের পরিবারকে ২০ হাজার টাকা সরকারি সাহায্য দেওয়া হয়েছে বলে তিনি জানান।