২৯ দিনেও হাসনাত ও তাহমিদের অবস্থান জানতে পারেনি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান থেকে উদ্ধার হওয়ার পর গত ২৯ দিনেও প্রকৌশলী হাসনাত রেজা করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানের অবস্থান জানতে পারছে না তাঁদের পরিবার।
উভয়ের পরিবারের সদস্যরা বলছেন, হাসনাত করিম ও তাহমিদ আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর হেফাজতে আছেন। তবে গত ৮ জুলাই থেকে ঢাকা মহানগর পুলিশ বলে আসছে, হাসনাত করিম ও তাহমিদকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা কেউই বাসায় ফিরে যাননি। এ অবস্থায় এই দুজনের অবস্থান নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
এরই মধ্যে গত শনিবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির বলেছেন, ঢাকার গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার সময় জিম্মি এবং পরে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে হাসনাত করিমকে দু-তিন সপ্তাহ আগে ছেড়ে দেওয়া হয়েছে।
নাদিম কাদিরের এই বক্তব্যের পর হাসনাত করিম ও তাহমিদ হাসিবকে নিয়ে উদ্বেগে পড়েছে তাঁদের পরিবার। দুই পরিবারের লোকজন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ঈদুল ফিতরের পর তাঁরা ডিবি কার্যালয়ে গিয়ে জানতে পেরেছিলেন হাসনাত করিম ও তাহমিদ হাসিব ডিবি কার্যালয়ে আছেন। এরপর বলা হচ্ছে, তাঁরা সেখানে নেই। তাঁরা এখন তাঁদের দুজনের কারও অবস্থান জানতে পারছেন না।
গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, গত ২ জুলাই সকালে সেনা কমান্ডোরা অভিযান চালিয়ে হলি আর্টিজান বেকারি থেকে নারী, শিশুসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া লোকজনের মধ্যে ধানমন্ডির বাসিন্দা কানাডা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান (২২), প্রকৌশলী হাসনাত করিম (৪৮) ও তাঁর স্ত্রী শারমিনা করিম (৩৬), তাঁদের দুই শিশুসন্তানও রয়েছে। এরপর তাদের মধ্যে থেকে আটজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে হাসনাত করিম ও তাহমিদ ছাড়া অন্যদের ছেড়ে দেওয়া হয়।