২৯ নভেম্বর বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-২ এর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-২-এর কাজ শেষ পর্যায়ে। ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। ফলে নতুন বছরের আগেই জাতীয় গ্রিডে আরও ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্র-লাগোয়া কুশিয়ারা নদীর পূর্বদিকে পারকুল-বনগাঁও এলাকায় ১১ একর জায়গার ওপর ২০১৩ সালের জানুয়ারি থেকে বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-২-এর কাজ শুরু হয়। এটি বাস্তবায়ন করে সামিট গ্রুপ। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্যাস টারবাইন বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-২ থেকে প্রতিদিন ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর জন্য প্রতিদিন বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ব্যবহার করা হবে। এদিকে ভূমি অধিগ্রহণ শেষে শিগগির ৩৮৩ মেগাওয়াটের বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-১ ও ৪০০ মেগাওয়াটের বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-৩-এর কাজ শুরু করা হবে।
গত শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কাজের অগ্রগতি দেখতে বিবিয়ানা প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে গিয়ে বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি একই দিন অপর দুটি বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রকল্প নির্মাণপ্রতিষ্ঠান সামিট গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) জহির উদ্দিন মোল্লা জানান, বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-২-এর কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ প্রকল্প থেকে প্রতিদিন ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।