২৯ নভেম্বর বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে আগামী ২৯ নভেম্বর ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম অঞ্চলের নেতারা। গতকাল শনিবার বেলা ১১টায় নগরের পলোগ্রাউন্ড এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রতিনিধি সভা থেকে এই কর্মসূচি দেওয়া হয়।
গতকালের প্রতিনিধি সভায় বৃহত্তর চট্টগ্রামের (তিন পার্বত্য জেলা ও কক্সবাজারসহ) ৪৩টি পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা ৮ দফা দাবি মেনে নিতে প্রশাসনের প্রতি দাবি জানান। নইলে ২৯ নভেম্বর বৃহত্তর চট্টগ্রামে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।
সংগঠনের নেতারা বলেন, ৮ দফা দাবির মধ্যে রয়েছে চট্টগ্রাম বাস, ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলারের জন্য টার্মিনাল নির্মাণ, শহর এলাকার বাস, হিউম্যান হলার, সিএনজিচালিত অটোরিকশা ও অটো টেম্পোর জন্য পার্কিংয়ের জায়গা নির্ধারণ করা, ড্রাইভিং লাইসেন্স পদ্ধতি সহজ করা, চট্টগ্রাম নগরে নিবন্ধনহীন চার হাজার অটোরিকশার নিবন্ধন দেওয়া, চালকদের নিয়োগপত্র দেওয়া, পরিবহনশ্রমিকদের জন্য কল্যাণ তহবিল সৃষ্টি, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করা, পুলিশের হয়রানি-নির্যাতন বন্ধ এবং দলবাজি-দখলদারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
গতকালের প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী। এতে বক্তৃতা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি রুহুল আমিন, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহামদ প্রমুখ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক সাধারণ সম্পাদক অলি আহামদ প্রথম আলোকে বলেন, ৮ দফা দাবি মেনে নেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে প্রশাসনকে তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দাবি আদায়ের জন্য প্রতিনিধি সভা থেকে আগামী ২৯ নভেম্বর বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।