২৯ নভেম্বরের মধ্যে ৩৫ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ নভেম্বরের আগেই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়ন চায় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ এর মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এর প্রজ্ঞাপন দেওয়া না হলে এরপর কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি ও হুঁশিয়ারি জানায় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। দাবি আদায়ে আগামী ১ ডিসেম্বর রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ করবে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাসরিন সুমি লিখিত বক্তব্যে বলেন, ‘২০১২ সাল থেকে আজ পর্যন্ত আমরা রাজপথে অহিংস আন্দোলন করে আসছি। ২০১২ সালের ৩১ জানুয়ারি শিক্ষার্থীদের এ যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেছিলেন তৎকালীন মাননীয় স্পিকার ও বর্তমান মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ৷ পরে একাধিক মন্ত্রী ও শতাধিক সংসদ সদস্য জাতীয় সংসদে ৩৫-এর প্রস্তাব উত্থাপন করেন। বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ছয়বার সংসদে এর সপক্ষে প্রস্তাব উত্থাপন করেছেন। কিন্তু সেশনজট নেইসহ নানান অজুহাতে ২৬ লাখ উচ্চশিক্ষিত তরুণের দাবিটি আজও পূরণ করা হয়নি।’

নাসরিন সুমি আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চলতি বছরের ২৭ জুন, ১০ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ করে। কিন্তু সেই সুপারিশ এখনো বাস্তবায়িত হয়নি। দক্ষিণ এশিয়ায় শুধু পাকিস্তান ও বাংলাদেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০-এ সীমাবদ্ধ। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে। ফলে আমরা কেন পাকিস্তানের মতো ৩০-এ আবদ্ধ থাকব? ৩৫-প্রত্যাশীদের সঙ্গে প্রত্যক্ষভাবে আড়াই কোটি ভোটার জড়িত। এই জনগোষ্ঠী রাজনৈতিক পটপরিবর্তন করতে পারে। যাঁরা ৩৫ বাস্তবায়ন করবেন, এই ভোটগুলো তাঁদের পক্ষেই যাবে। ২৯ নভেম্বরের মধ্যে আমরা চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এর প্রজ্ঞাপন চাই।’

পরিষদের পক্ষ থেকে চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার পক্ষে পাঁচটি যুক্তি তুলে ধরা হয়৷ যুক্তিগুলো হলো: ১. যে দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা যত বেশি, সেই দেশ তত উন্নত। পৃথিবীর ১৬৫টি দেশে চাকরিতে প্রবেশের বয়স ৩০-এর বেশি৷ অনেক দেশে অবসরের আগের দিন পর্যন্ত চাকরিতে প্রবেশ করা যায়। ২. চাকরি দেওয়া হয় সাধারণত গড় আয়ু ও মেধাশক্তির ভিত্তিতে, বয়সের ভিত্তিতে নয়। বয়সের বেড়াজালে ত্রিশোর্ধ্ব তরুণদের কর্মক্ষেত্রে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত করা হলে দেশ ও জাতির উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। ৩. বর্তমানে বাংলাদেশে গড় আয়ু প্রায় ৭৩ বছর। সেই হিসাবে চাকরিতে আবেদনের বয়স দাঁড়ায় ৪৩.২০ বছর। ৪. বর্তমানে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট নেই, কথাটি হাস্যকর। এখনো সেশনজট রয়েছে। ৫. বাংলাদেশের সংবিধানের ২৯ (১) অনুচ্ছেদে নিয়োগ লাভের ক্ষেত্রে সমতার বিধান রাখার কথা বলা হয়েছে। কিন্তু বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে রয়েছে বয়সের বৈষম্য

সংগঠনের আহ্বায়ক ইমতিয়াজ হোসেন, ইমরান চৌধুরী, সোনিয়া চৌধুরী, নাছির হোসেন, নাদীয়া সুলতানা প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এর আগে সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক হিসেবে সঞ্জয় দাস নামে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের এক সাবেক ছাত্র আলোচনায় ছিলেন। নতুন নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে ইমতিয়াজ হোসেন বলেন, ‘২০১২ সালে আমি আন্দোলন শুরু করেছিলাম৷ সঞ্জয় দাস তিন বছর পর আন্দোলনে আসে। তবে যা-ই হোক, আমাদের দাবি ৩৫ বাস্তবায়ন তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই৷’ প্রেস বিজ্ঞপ্তি