২৯ বছর ধরে অবৈধভাবে ভাতা উত্তোলন!
মুক্তিযুদ্ধে শহীদ স্বামীকে ‘বাবা’ বানিয়ে ২৯ বছর ধরে শহীদ মুক্তিযোদ্ধার ভাতা তুলছেন সহিদা বেগম নামের এক নারী। অভিযোগ উঠেছে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে ভাতার ১১ হাজার টাকা প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন তিনি। তাঁর বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা (পূর্ব) ইউনিয়নের পশ্চিম হাটিলা গ্রামে। জানা গেছে, স্বাধীনতাযুদ্ধে সহিদার স্বামী আবু বকর মির্জা শহীদ হন। যুদ্ধ শেষে সহিদা একটি পুত্রসন্তানের (নাম: ছালেহ আহমেদ) জন্ম দেন। তার পর থেকে তিনি শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে মাসিক ভাতা পান। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮১ সালে সহিদা পশ্চিম হাটিলা গ্রামের হেদায়েত উল্যাহ প্রধানীয়াকে বিয়ে করেন। সে ঘরে তাঁর দুটি ছেলেমেয়ে রয়েছে। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের বিধি অনুযায়ী, ভাতাপ্রাপ্ত কোনো নারী দ্বিতীয় বিয়ে করলে তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ভাতা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। সে ক্ষেত্রে তাঁর আগের স্বামীর ঔরসজাত কোনো নাবালক সন্তান থাকলে ওই সন্তানের বয়স ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত ওই ভাতা পেতে পারেন। জানা গেছে, সহিদা দ্বিতীয় বিয়ের পর নাবালক সন্তান ছালেহ আহমেদের নামে ভাতার বই করেননি। তিনি তৎকালীন হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কয়েকজন নেতার মাধ্যমে সাবেক স্বামী শহীদ মুক্তিযোদ্ধা আবু বকর মির্জাকে বাবা বানিয়ে নিজ নামে ভাতার বই করেন। সেই থেকে আজ পর্যন্ত সহিদা বেগম প্রতি মাসে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে ভাতা পেয়ে আসছেন। সম্প্রতি সরকার শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য রেশন-সুবিধার ব্যবস্থা করে। এই রেশন কার্ড করতে গিয়ে সহিদা বেগমের প্রতারণার বিষয়টি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কাছে ধরা পড়ে। রেশন কার্ডের তথ্য সংগ্রহকারী হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন ভূঁইয়া বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে শহীদ ও যুদ্ধাহত ছয়জন মুক্তিযোদ্ধা পরিবারের তালিকা আমাদের থানায় পাঠানো হয়েছে। এ তালিকায় সহিদা বেগমের নাম দেখে তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।’সহিদা বেগম প্রতি মাসে ভাতার টাকা ওঠানোর কথা স্বীকার করেছেন। স্বামীকে বাবা বানিয়ে ভাতার টাকা তুলছেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভুলবশত বাবার নামের স্থলে স্বামীর নাম লেখা হয়ে গেছে।’