
ঘটনার চার বছর পর মামলা। এরপর তদন্ত ও অভিযোগপত্র দিতেই পার হয়েছে আরও আট বছর। ২০০০ সালের ৯ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু। ২০০১ থেকে ২০০৯ সালের ১০ আগস্ট পর্যন্ত এ মামলার ১৬৮ সাক্ষীর মধ্যে মাত্র ৩৫ জনের সাক্ষ্য হয়। এরপর ২০১৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত টানা ছয় বছর একজন সাক্ষীকেও হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। দুই যুগ পেরিয়ে গেলেও চট্টগ্রাম গণহত্যা মামলার বিচার শেষ না হওয়ায় নিহত ব্যক্তিদের স্বজনেরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভা বানচাল করতে পুলিশের গুলিতে ২৪ জন নেতা-কর্মী নিহত হন। এটি পরে চট্টগ্রাম গণহত্যা নামে পরিচিতি পায়। সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা। ঘটনার চার বছর পর ১৯৯২ সালের ৫ মার্চ আইনজীবী শহীদুল হুদা মুখ্য মহানগর হাকিম আদালতে চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার রকিবুল হুদাসহ ৪৬ জনকে আসামি করে মামলা করেন। আজ মঙ্গলবার এ গণহত্যার ২৯ বছর পূর্ণ হচ্ছে। এত বছরেও এই মামলার বিচার শেষ না হওয়ায় নিহত ব্যক্তিদের স্বজনেরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
গণহত্যা মামলার বাদীও বিচারের শেষ দেখে যেতে পারেননি। ২০১৩ সালে তিনি মারা যান। মামলার অভিযোগপত্রে আটজনকে আসামি করা হয়। এর মধ্যে মারা গেছেন দুজন। শুরু থেকে পলাতক রয়েছেন পুলিশের সাবেক এসআই গোবিন্দ চন্দ্র মণ্ডল। জামিনে আছেন তৎকালীন নগর পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদা, কনস্টেবল প্রদীপ বড়ুয়া, মমতাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শাহ আবদুল্লাহ।
সেদিনের ঘটনায় গুলিতে নিহত চট্টগ্রামের ছাত্রলীগ নেতা স্বপন বিশ্বাসের স্ত্রী রেবা বিশ্বাস গতকাল প্রথম আলোকে বলেন, ‘কেউ খবর নেয় না। বিচার হবে কি না জানি না। বলার আর কিছুই নেই।’ ২৪ জানুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস ঘোষণার দাবি জানান নিহত হাসান মুরাদের ভাই চট্টগ্রাম নগরের পাথরঘাটার বাসিন্দা আবুল মঞ্জুর। তিনি বলেন, ‘ঘটনার পর বর্তমান প্রধানমন্ত্রী এসেছিলেন। এরপর কেউ আর খোঁজ নেয়নি।’ তিনি দ্রুত বিচার শেষ করার দাবি জানান।
গণহত্যার ঘটনা স্মরণে চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখে স্মৃতিস্তম্ভ তৈরি করা হলেও সেটিও বছরের বেশির ভাগ সময় অযত্ন-অবহেলায় পড়ে থাকে বলে জানান নিহত ব্যক্তিদের স্বজনেরা। এখানে একটি কমপ্লেক্স তৈরি করে নিহত প্রত্যেকের জীবনী ও পুরো ঘটনা তুলে ধরতে সরকারের কাছে গত জুন মাসে আবেদন করা হয়েছে বলে জানান মামলার সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী। নিহত ব্যক্তিদের স্বজনদের খোঁজ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে গতকাল সোমবার সন্ধ্যায় মুঠোফোনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘নিহতের স্বজনদের খোঁজ নেওয়া হয়েছে। যা বলার কাল (আজ) নিহতদের স্মরণসভায় বলব।’ আদালত সূত্র জানায়, গত বছরের জানুয়ারি মাসে মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে আসে। এর আগে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিচার হয়েছিল।
মামলা পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলাটির বিচার স্থবির হয়েছিল। বছরের পর বছর একজন সাক্ষীও আসেননি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও মামলাটির কোনো অগ্রগতি হয়নি। বিশেষ জজ আদালতে আসার পর সমন জারির পর প্রত্যেক সাক্ষীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে হাজির করা হয়েছে। মামলার ১৬৮ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সর্বশেষ গত বছরের ১৫ নভেম্বর সাক্ষ্য নেওয়া হয়। ডিসেম্বর মাসে আদালত বন্ধ থাকায় সাক্ষ্য হয়নি। ৩১ জানুয়ারি পরবর্তী ধার্য দিন রয়েছে। সেই দিন নয়জন সাক্ষীকে হাজির করতে সমন পাঠিয়েছেন আদালত। আশা করা যায় সাক্ষীরা আসবেন।
সরকারি কৌঁসুলি আরও বলেন, এই মামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও সাক্ষী রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তাঁদের সাক্ষ্য নেওয়া হতে পারে।