
খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী ইতি চাকমার খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৯ মার্চ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ ও এক ঘণ্টা ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাঁচটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট কর্মসূচি থেকে আন্দোলনের এই ঘাষণা এসেছে।
হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারীসমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও নারী আত্মরক্ষা কমিটির সদস্যরা ওই অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে গতকাল সকাল ১০টার দিকে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে চাইলে মূল ফটকের সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা। এতে বক্তব্য দেন নিহত ইতি চাকমার মা পদ্মাবতী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নিরূপা চাকমা, সাধারণ সম্পাদক মন্টি চাকমা এবং সাজেক নারীসমাজের সভানেত্রী নিরূপা চাকমা।
গত ২৮ ফেব্রুয়ারি রাতে শহরের আরামবাগ এলাকায় খাগড়াছড়ি কলেজের উচ্চমাধ্যমিক শ্রণির ছাত্রী ইতি চাকমাকে খুন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন ও হত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রকৃত আসামিদের আড়াল করার কারণে প্রতিনিয়ত এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।