২৯ মে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৯ মে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। জাতীয় নাগরিক কমিটির ব্যানারে ওই দিন বেলা আড়াইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ভারতের সঙ্গে স্থলসীমান্ত ও ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নসহ সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য অবদানের জন্য তাঁকে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গণসংবর্ধনার জন্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে চেয়ারম্যান করে ২০২ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ছাড়াও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ফরাসউদ্দিন, আতিউর রহমান, আ আ ম স আরেফিন সিদ্দিক, কবি নির্মলেন্দু গুণ, মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তমসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা সদস্য হিসেবে রয়েছেন।
সভায় ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।