২৯ মে 'দাবি দিবস' পালন করবে জাতীয় কমিটি
রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ ‘সুন্দরবন–বিনাশী সব অপতৎপরতা’ বন্ধ করতে এবং বাঁশখালী হত্যাকাণ্ডের বিচার ও ধরপাকড়ের প্রতিবাদে ২৯ মে দেশব্যাপী ‘দাবি দিবস’ পালন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
লিখিত বক্তব্যে সরকার–সংশ্লিষ্টদের উদ্দেশ করে আনু মুহাম্মদ বলেন, সরকারের কাছে আবারও দাবি জানাচ্ছি, রামপাল প্রকল্পসহ সুন্দরবন–বিনাশী সব তৎপরতা বন্ধ করুন। দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা বন্ধ করুন। সুন্দরবনকে বাঁচিয়ে বাংলাদেশকে বাঁচতে দিন। সারা বিশ্বে সুন্দরবন রক্ষার দাবি ক্রমেই ছড়িয়ে পড়ছে। সুন্দরবন ধ্বংসের ভূমিকা নিয়ে বিশ্বের কাছে দেশকে কলঙ্কিত করবেন না।
আনু মুহাম্মদ অভিযোগ করেন, গত ৪ এপ্রিল এস আলম গ্রুপের সন্ত্রাসী বাহিনী ও পুলিশের হামলায় চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় চারজন নিরীহ গ্রামবাসী নিহত হন। ১০ মে সরকারি কর্মকর্তা নিয়ে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করে। কমিটি এই হত্যাকাণ্ডের দায় আন্দোলনকারীদের ওপরই চাপিয়েছে। এটিই বোধগম্য। কেননা এ ঘটনার কয়েক দিন পর প্রধানমন্ত্রী এবং তাঁর জ্বালানি উপদেষ্টা এ রকমই বক্তব্য রেখেছিলেন। সরকারি কর্মকর্তাদের দিয়ে গঠিত কমিটি এর বাইরে কথা কী করে বলবেন?
সংবাদ সম্মেলনে ২০ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত সুন্দরবনসংলগ্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে জনসংযোগ, সভা, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান আনু মুহাম্মদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য রুহিন হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।