২৯ সেপ্টেম্বরের মধ্যে সারসংক্ষেপ দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ কামারুজ্জামান
মুহাম্মদ কামারুজ্জামান

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের সারসংক্ষেপ ২৯ সেপ্টেম্বরের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আসামিপক্ষের দুই সপ্তাহের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সময় দেন। আজ রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আসামিপক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও শিশির মুনির এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান মামলা পরিচালনা করেন।
ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে গত ৬ জুন আপিল করেন কামারুজ্জামান।
গত ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। কামারুজ্জামানের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে সোহাগপুরের ‘বিধবাপল্লিতে’ নির্বিচার হত্যাকাণ্ড ও গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের দায়ে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার আদেশ দেন ট্রাইব্যুনাল। এ ছাড়া তাঁকে বদিউজ্জামান, দারাসহ ছয়জনকে হত্যার দায়ে যাবজ্জীবন এবং শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের প্রতি অমানবিক আচরণের দায়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। তবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় যাবজ্জীবন ও ১০ বছরের শাস্তি মৃত্যুদণ্ডের সঙ্গে একীভূত হয়ে যাবে। তবে ওই সাজা বাতিল ও খালাস চেয়ে কামারুজ্জামান ৬ জুন আপিল করেন। রাষ্ট্রপক্ষ আপিল না করলেও সারসংক্ষেপ জমা দিয়েছে।