২৯ হাজার গ্রাহকের ভরসা যে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমান ট্রান্সফরমারটি চুয়াডাঙ্গার কেদারগঞ্জে বসানো হয়েছে। ছবিটি ৪ এপ্রিল তোলা l প্রথম আলো
ভ্রাম্যমান ট্রান্সফরমারটি চুয়াডাঙ্গার কেদারগঞ্জে বসানো হয়েছে। ছবিটি ৪ এপ্রিল তোলা l প্রথম আলো

চুয়াডাঙ্গায় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ভ্রাম্যমাণ ট্রান্সফরমার রয়েছে মাত্র একটি। কোম্পানির আওতাভুক্ত ১৫১টি বিতরণ ট্রান্সফরমারের মধ্যে দুটি বা এর বেশি একসঙ্গে বিকল হয়ে গেলে সেটি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়।
ওজোপাডিকো চুয়াডাঙ্গার বিক্রয় ও বিতরণ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. সবুক্ত গীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত চাপে একই সময়ে একাধিক স্থানে ট্রান্সফরমার পুড়ে যায়। বজ্রপাতেও একাধিক ট্রান্সফরমার বিকল হওয়ার ঘটনা ঘটে। এ জন্য অন্তত আরও দুটি ভ্রাম্যমাণ ট্রান্সফরমার প্রয়োজন। বিষয়টি তিনি খুলনায় ওজোপাডিকোর প্রধান কার্যালয়কে অবগত করেছেন।
চুয়াডাঙ্গা ওজোপাডিকো কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এই কোম্পানির মাধ্যমে ১০২ বর্গকিলোমিটার এলাকায় ১১ কেভি ক্ষমতাসম্পন্ন পাঁচটি ফিডার রয়েছে। এর মাধ্যমে মোট ২৮ হাজার ৭১৫ জন গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। পাঁচটি ফিডারের মধ্যে হাসপাতাল ও কলেজ ফিডারকে অতি গুরুত্বপূর্ণ (ভিআইপি) ফিডার হিসেবে চিহ্নিত করা হয়। কারণ, এ দুটি ফিডারের আওতায় জাতীয় সংসদের হুইপ, জেলা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কার্যালয় ও বাসভবন রয়েছে। এর বাইরে রয়েছে বড়বাজার, হাজরাহাটি ও বিডিআর ফিডার। এর মধ্যে বড়বাজার ফিডারটি ভিআইপি হিসেবে চিহ্নিত না হলেও এর আওতায় রয়েছে শহরের গুরুত্বপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংক-বিমা কার্যালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওজোপাডিকোর একাধিক কর্মকর্তা ও কর্মচারী বলেন, বিশেষ করে বড়বাজার ও ভিআইপি ফিডারের কোনো ট্রান্সফরমার একই সময়ে বিকল হলে তাঁদের বিপাকে পড়তে হয়। কারণ, তখন ভিআইপি ফিডারকে গুরুত্ব দিয়ে সেখানে সাময়িকভাবে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি বসিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওদিকে এলাকা বিদ্যুৎহীন থাকায় বড়বাজারের অনেক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেন। অনেকে কার্যালয়ে বা নিয়ন্ত্রণকক্ষে ফোন দিয়ে গালাগালি শুরু করেন। বিশেষ করে গ্রীষ্মকাল এলে অবস্থা শোচনীয় হয়ে যায়। এ সময় ট্রান্সফরমার বিকল হওয়ার ঘটনা বেড়ে যায়।
ওজোপাডিকো কার্যালয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গায় ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন একটি উপকেন্দ্র রয়েছে। এর আওতায় একটি ১০/১৩.৩ এমভিএ ও দুটি ৫ এমভিএ পাওয়ার ট্রান্সফরমার ও ১৫১টি বিতরণ ট্রান্সফরমার রয়েছে। এই ১৫১টি বিতরণ ট্রান্সফরমারের কোনো একটি বিকল হলে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটিকে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সেবা দিতে সাময়িকভাবে বসানো হয়ে থাকে। গত বছরে গ্রীষ্মকালে একই সময়ে একাধিক ট্রান্সফরমার বিকলের কারণে কার্যালয়কে যথেষ্ট ভুগতে হয়। এবারও তেমন শঙ্কা রয়েছে। গত ২৯ মার্চ কলেজ ফিডারের কেদারগঞ্জ মালোপাড়ায় একটি ট্রান্সফরমার পুড়ে যায়। সেখানে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
শহরের গুরুত্বপূর্ণ বিপণিবিতান আলী হোসেন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, বড়বাজার ফিডারের দিকে বিদ্যুৎ বিভাগের বেশি নজর দেওয়া দরকার। তিনি ওই ফিডারের জন্য সার্বক্ষণিকভাবে একটি ভ্রাম্যমাণ বিতরণ ট্রান্সফরমার মজুত (স্ট্যান্ডবাই) রাখার দাবি জানান।