২৯টি প্রতিষ্ঠান পেল সুপার ব্র্যান্ডের স্বীকৃতি
প্রথমবারের মতো দেশের ২৯টি প্রতিষ্ঠান সুপার ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে। গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।রাজধানীর স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সুপার ব্র্যান্ডসের বাংলাদেশি ব্র্যান্ড নিয়ে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন সুপার ব্র্যান্ডস বাংলাদেশ কাউন্সিলের সদস্য ও সুপার ব্র্যান্ডসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুপার ব্র্যান্ডস বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান মুস্তাক আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপার ব্র্যান্ডস বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক মোহাম্মদ ওয়াসফি তামিম ও সুপার ব্র্যান্ডস শ্রীলঙ্কা-বাংলাদেশ ও মালদ্বীপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুচি গুণে ওয়ের্দেনে।অনুষ্ঠানে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ কাউন্সিলের সদস্যদের মধ্যে গীতিআরা সাফিয়া চৌধুরী, মুস্তাক আহমেদ, ড. হাবিবুর রহমান সুপার ব্র্যান্ডের স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন।সুপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো স্কয়ার ফার্মা, অটবি, নাভানা রিয়েল এস্টেট, চ্যানেল আই, ইস্টার্ন ব্যাংক, আড়ং, আড়ং মিল্ক, অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস, এশিয়ান পেইন্টস, বাটা, বেঙ্গল প্লাস্টিক, বেক্সিমকো ফার্মা, ডাটাএজ, ডাটাসফ্ট, এনার্জি প্যাক, হরলিকস, আইডিএলসি, লাক্স, এমজিএইচ, নিলয়-নিটল গ্রুপ, বসুন্ধরা সিটি, প্যারাসুট, রেডিও টুডে, রেডিও ফুর্তি, আরএকে সিরামিকস, রূপচাঁদা, শাইনপুকুর সিরামিক, সুপারক্রিট ও সিটি গ্রুপ।আয়োজকেরা জানান, সুপার ব্র্যান্ডস নির্বাচন করার জন্য প্রথমে বাংলাদেশে ব্যবসা করে এমন প্রতিষ্ঠানগুলোর ওপর জরিপ চালানো হয়। সুপার ব্র্যান্ডসের স্বীকৃতি পাওয়ার যোগ্য হিসেবে প্রাথমিকভাবে ১২৩টি কোম্পানিকে মনোনীত করা হয়। পরে প্রতিষ্ঠানগুলোর পণ্যের গুণগত মান ও ব্যবসায়িক সুনাম ইত্যাদি বিষয় বিবেচনা করে এবং সুপার ব্র্যান্ড হতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে চূড়ান্তভাবে ২৯টিকে এ স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলো মোড়কে এখন থেকে সুপার ব্র্যান্ডের সিল ব্যবহার করতে পারবে।