২৯০ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরে গেছেন মিয়ানমারে
মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরতে শুরু করেছে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। গত দুদিনে ২৯০ জন রোহিঙ্গা নাফ নদী অতিক্রম করে মিয়ানমারে ফিরে গেছে। এদিকে এক দিন ও তিন দিনের বর্ডার পাস চালু করতে বিজিবিকে গত বৃহস্পতিবার চিঠি দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত ২৯০ জন স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে গেছে। রোহিঙ্গারা যেতে চাইলে বাধা দেওয়া হচ্ছে না। তবে অনুপ্রবেশের চেষ্টা করলে প্রতিরোধ করছে বিজিবি।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার মিয়ানমার সরকার সে দেশের রাখাইন রাজ্যে অভিযান বন্ধের ঘোষণা দেয়। এরপর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার খবরে বহু রোহিঙ্গা টেকনাফ ও উখিয়া থেকে নিজ দেশে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেছে।
গতকাল শনিবার দুপুরে টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে কথা হয় এ-ব্লকের রোহিঙ্গা আবদুল গণির সঙ্গে। তিনি বলেন, ‘গত দুই দিনে এই শিবির থেকে ১০-১২টি রোহিঙ্গা পরিবার চলে গেছে। আমরাও যাবার প্রস্তুতি নিচ্ছি। কারণ সেখানে জায়গাজমি, সম্পদ পড়ে আছে।’
লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনার কমিটির সভাপতি দুদু মিয়া বলেন, রাখাইন রাজ্যের যেসব গ্রামে নিরাপত্তা বাহিনী তাণ্ডব চালায়নি, কিন্তু প্রাণভয়ে লোকজন পালিয়ে এসেছে, সেসব গ্রামের রোহিঙ্গারা ফিরে যাচ্ছে। কিন্তু যেসব গ্রামে দমন-পীড়ন চালানো হয়েছে, সেসব গ্রামের রোহিঙ্গারা ফেরার সাহস পাচ্ছে না। তিনি বলেন, এ পর্যন্ত এই শিবির থেকে এক হাজারের মতো রোহিঙ্গা ফেরত গেছে।
সূত্র জানায়, উখিয়ার কুতুপালং ও বালুখালীর অনিবন্ধিত দুটি রোহিঙ্গা শিবির থেকেও গত দুদিনে শতাধিক রোহিঙ্গা মিয়ানমারে ফিরে গেছে। এই দুটি শিবিরে আশ্রয় নিয়েছে অন্তত ৪৮ হাজার রোহিঙ্গা।
কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে হাজার হাজার রোহিঙ্গা ফিরে যাবে।
এদিকে ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে যাতায়াতের এক দিন ও তিন দিনের সীমান্ত বর্ডার পাস পুনরায় চালু করতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চিঠি পাঠিয়েছে মিয়ানমারের কর্তৃপক্ষ।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, চিঠিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা এলে ট্রানজিট চালু হবে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার-টেকনাফের মধ্যে এক দিনের ট্রানজিট চার মাস নয় দিন ধরে বন্ধ।
টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন বলেন, গত ৯ অক্টোবর থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী তিন দিনের বর্ডার পাস অঘোষিতভাবে বন্ধ রেখেছে।