নওগাঁর ১১ উপজেলায় ২৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৭০৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয়গুলোতে দাপ্তরিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, জেলার ১১টি উপজেলায় ১ হাজার ২১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (রাজস্ব খাত ও জাতীয়করণ ঘোষিত মিলিয়ে) শিক্ষকের পদ শূন্য রয়েছে ৯৯৭টি। এর মধ্যে ২৯৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। আর সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৭০৪টি।
সদর উপজেলায় ৩২টি, মহাদেবপুরে ৩৪, নিয়ামতপুরে ২৯, পত্নীতলায় ২৮, ধামইরহাটে ২২, সাপাহারে ২০, পোরশায় ২০, রানীনগরে ২৩, আত্রাইয়ে ২২, বদলগাছীতে ২৭ ও মান্দায় ৩৬টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
সহকারী শিক্ষকের নিয়ামতপুরে ৯৫টি, সদর উপজেলায় ৮০, মহাদেবপুরে ৬৮, পত্নীতলায় ৬৫, ধামইরহাটে ৪৮, সাপাহারে ৫৪, পোরশায় ৪৫, রানীনগরে ৬৫, আত্রাইয়ে ৫৪, বদলগাছীতে ৫৫ ও মান্দায় ৭৫টি পদ শূন্য রয়েছে।
নিয়ামতপুর, পোরশা, মহাদেবপুর ও সদর উপজেলার কয়েকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব তাঁদের কাছে বাড়তি বোঝা। তাঁদের দাপ্তরিক কাজ ও পাঠদান একসঙ্গে চালাতে হয়। তাঁদের অভিযোগ, প্রায় প্রতি সপ্তাহে তাঁদের দাপ্তরিক তথ্য দিয়ে ও উপজেলা পর্যায়ে সভায় যোগ দিতে ছোটাছুটি করতে হয়। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না।
সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে—এমন কয়েকটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, অতিরিক্ত ক্লাসের চাপ সামলানোর পাশাপাশি তাঁদের পরীক্ষার খাতা দেখাসহ নানা কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
নিয়ামতপুর উপজেলার পানিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায় ২০১৪ সাল থেকে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, তাঁর বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৯৬। এখানে চারজন শিক্ষক রয়েছেন। অথচ বিদ্যালয়টিতে শিক্ষকের অনুমোদিত পদসংখ্যা সাত। উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বলেন, অভিজ্ঞতা না থাকায় দাপ্তরিক কাজে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত দায়িত্বকে বাড়তি বোঝা মনে হয়।
মহাদেবপুর উপজেলার খসালপুর সিদ্দিকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুন ফেরদৌস বলেন, ‘পাঁচজনের জায়গায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ আমরা তিনজন শিক্ষক বর্তমানে কর্মরত আছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় দুই শতাধিক শিক্ষার্থীর পাঠদান কার্যত দুজনকে সামলাতে হয়।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমীরুল ইসলাম বলেন, বিধি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদে পদোন্নতি ও ৩৫ শতাংশ নিয়োগ পরীক্ষার মাধ্যমে পূরণ হওয়ার কথা। প্রধান শিক্ষকদের পদকে দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়ায় এখন থেকে প্রধান শিক্ষক নিয়োগ হবে সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে। নতুন পদ্ধতিতে নিয়োগ দিতে একটু সময় লাগছে। তবে এ বছরই শূন্যপদগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। এ ছাড়া রিট নিয়ে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরে নওগাঁয় ১২৮ জন পুল শিক্ষককে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্যানেলে থাকা আরও ২৭৫ জনকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষকসংকট অনেকটা কমে যাবে।