২৯৫০ জন পেলেন ভিজিডি কার্ড
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ২ হাজার ৯৫০ জন নতুন অধিবাসীর হাতে গত মঙ্গলবার ভিজিডি কার্ড তুলে দেওয়া হয়। তবে উদ্বোধন অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির হাত থেকে ১১ জন কার্ড গ্রহণ করেন। এ সময় উপস্থিত দাসিয়ারছড়াবাসীর মাঝে বয়ে যায় আনন্দের বন্যা।
দাসিয়ারছড়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ভিজিডি কার্ড বিতরণ ও মহিলা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, সরকার দুস্থ নারীদের সহায়তায় সারা দেশে ১০ লাখ নারীকে ভিজিডি কার্ডের আওতায় এনেছে। তাঁরা মাসে ৩০ কেজি করে চাল পাবেন। দেওয়া হবে প্রশিক্ষণ। প্রতিটি নাগরিকের মতো সমান সুযোগ পাবেন এ অঞ্চলের অধিবাসীরা।
এর আগে দাসিয়ারছড়ায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে পরিচালিত ১৫টি প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন মেহের আফরোজ।
জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। সঞ্চালনা করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা সুলতানা। বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্রনাথ উঁরাও, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ আহমেদ নাজমিন সুলতানা, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ প্রমুখ।
সাহিন আহমেদ চৌধুরী বলেন, কুড়িগ্রামে ৩১ হাজার ৮৪৮ জন নারীকে ভিজিডি কার্ড দেওয়া হবে। এর মধ্যে ফুলবাড়ীতে ৫ হাজার ৭৯৯ জন দুস্থ নারীকে এ কার্ড দেওয়া হবে। দাসিয়ারছড়ায় ওই ২ হাজার ৯৫০ জনকে কার্ডের আওতায় আনা হয়েছে।