২৯৭ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র নিয়ে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২৯৭ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র নিয়ে জটিলতায় পড়েছে প্রকৌশল বিভাগ। সীমিত দরপত্র-পদ্ধতি (এলটিএম) না খোলা দরপত্র-পদ্ধতি (ওটিএম) কোনটা মানা হবে, তা নিয়ে এক মাস ধরে দোটানায় রয়েছেন প্রকৌশলীরা। ফলে প্রথম পর্যায়ে ২০ কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হলেও গত এক মাস ঠিকাদারদের কার্যাদেশ দিতে পারছে না কর্তৃপক্ষ। আগামী বর্ষা মৌসুমের আগে কাজ শুরু করতে না পারলে নগরবাসীর ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ অবস্থায় ১৫ এপ্রিল সিটি করপোরেশনের প্রকৌশলীরা স্থানীয় সরকার বিভাগ (এলজিআরডি) এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের যৌথ বৈঠকে বিষয়টি সুরাহা হবে বলে প্রকৌশলীরা জানান। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইয়াকুব নবী বলেন, ‘বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আমরা দরপত্র কমিটির বৈঠক ডেকেছি। এরপর এলজিআরডি এবং সওজের প্রকৌশলীদের পরামর্শ নেব। সেখানেই সিদ্ধান্ত হবে।’ সূত্র জানায়, ২০১২-১৩ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২৯৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব কাজের মধ্যে রয়েছে সড়ক, নালা নির্মাণ ও সম্প্রসারণ এবং অবকাঠামো নির্মাণ। ইতিমধ্যে সরকার ৩৭ কোটি টাকা ছাড়ও দিয়েছে। এক মাস আগে প্রথম পর্যায়ে প্রায় ২০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। কিছু ঠিকাদার ওটিএম এবং অন্য ঠিকাদারেরা এলটিএম অনুসরণ করে দরপত্র জমা দেন। সূত্র আরও জানায়, ঠিকাদারদের একাংশ আগের পদ্ধতি অনুসরণ করে দুই কোটি টাকার নিচের কাজগুলো ৫ শতাংশ কমে এবং দুই কোটি টাকার ওপরের উন্নয়নকাজে ৫ শতাংশের বেশি কমে দরপত্র জমা দেন। দরপত্র খোলার পর এ নিয়ে প্রকৌশলীরাও সিদ্ধান্তহীনতায় পড়েন। এ নিয়ে দুই সপ্তাহ আগে সিটি করপোরেশনের দরপত্র কমিটির বৈঠক হয়। বৈঠকে যেসব ঠিকাদার ৫ শতাংশের বেশি কম দিয়ে দরপত্র জমা দেন তাঁদের এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়। সে হিসেবে ইতিমধ্যে অনেক ঠিকাদার ব্যাখ্যাও দেন।জানা গেছে, অনেক ঠিকাদার কাজ পেতে বর্তমান বাজারমূল্যের চেয়ে নির্মাণসামগ্রীর দাম কম দেখিয়ে ব্যাখ্যা দিয়েছেন। ফলে সবচেয়ে কম দরদাতাদের কার্যাদেশ দেওয়া হলে শেষ পর্যন্ত কাজটি শেষ হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, বাজারে নির্মাণসামগ্রীর দাম সিটি করপোরেশনের তালিকার চেয়ে বেশি। গত বুধবার ঠিকাদার সমিতির নেতারা এ নিয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও অন্য প্রকৌশলীদের সঙ্গে একাধিক বৈঠক করেন। কিন্তু তাতে সমস্যার সুরাহা হয়নি। চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনে গণ খাতে ক্রয়নীতি অনুসরণ না করার কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। আমি বুধবার প্রধান প্রকৌশলী, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে উন্নয়নকাজের দরপত্র আহ্বান থেকে শুরু করে বিল পরিশোধ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সরকারি ক্রয়নীতি অনুসরণ করার দাবি জানিয়েছি। বলেছি, তাহলে আর এ ধরনের সংকট হবে না।’ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন বলেন, ‘এখন থেকে আমরা দুইভাবে উন্নয়নকাজ ভাগ করে নিচ্ছি। সিটি করপোরেশনের অর্থায়নে কাজ হলে তাতে দুই কোটি টাকার নিচে হলে ৫ শতাংশ কমে দরপত্র জমা দিতে হবে। আর এডিপিঅথবা সরকারি যেকোনো সংস্থা থেকে পাওয়া অর্থের ক্ষেত্রে খোলা দরপত্র-পদ্ধতি (ওটিএম) অনুসরণ করা হবে।’